Somoy TV
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার মিস শিউনিন রশীদ।বুধবার (১ এপ্রিল) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি বলা হয়, সাক্ষাৎকালে হাইকমিশনার প্রতিমন্ত্রীকে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান। এছাড়া বৈঠকে উভয়পক্ষ বাণিজ্য, স্বাস্থ্য, শিক্ষা ও যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করে। দুই দেশের মধ্যে বিদ্যমান বিপুল অনাবিষ্কৃত সম্ভাবনাকে কাজে লাগানোর বিষয়েও এ সময় আলোচনা হয়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী দুই দেশের মধ্যে ব্যবসায়ী প্রতিনিধি দলের পাস্পরিক সম্পর্কবৃদ্ধির ওপর গুরুত্ব দেন এবং ১২ মার্চ থেকে মালদ্বীপের জাতীয় বিমান সংস্থা ‘মালদিভিয়ান’-এর মালে-ঢাকা সরাসরি ফ্লাইট পুনরায় চালু হওয়াকেও স্বাগত জানান। হাইকমিশনার মালদ্বীপের আর্থ-সামাজিক উন্নয়নে বাংলাদেশি প্রবাসী কর্মীদের অবদানের প্রশংসা করেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশি শ্রমশক্তিকে কর্মসংস্থানের সুযোগ দেয়ার জন্য মালদ্বীপ সরকারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আরও দক্ষ ও আধা-দক্ষ কর্মী নিয়োগের বিষয়টি বিবেচনার অনুরোধ জানান। আরও পড়ুন: বাংলাদেশের স্বাধীনতা দিবসে মালদ্বীপের প্রেসিডেন্টের শুভেচ্ছা এ সময় হাইকমিশনার বাংলাদেশ থেকে স্বাস্থ্যকর্মী নিয়োগে মালদ্বীপের আগ্রহের কথা জানান। রোহিঙ্গা ইস্যুতে মালদ্বীপ সরকারের অব্যাহত সমর্থনের জন্য পররাষ্ট্র প্রতিমন্ত্রী কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি সার্ককে পুনরুজ্জীবিত করার ক্ষেত্রে বাংলাদেশের প্রতিশ্রুতির কথা উল্লেখ করেন এবং উভয়পক্ষ আঞ্চলিক সহযোগিতা জোরদারের গুরুত্বের ওপর জোর দেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে মালদ্বীপের রাষ্ট্রপতি ও পররাষ্ট্রমন্ত্রীর অংশগ্রহণের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়া সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় মালদ্বীপের উচ্চশিক্ষা, শ্রম ও দক্ষতা উন্নয়ন মন্ত্রীর অংশগ্রহণের জন্যও ধন্যবাদ জানান।
Go to News Site