Jagonews24
বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে চারদিন ধরে ভাসতে থাকা একটি মাছ ধরার ট্রলারসহ ১৫ জন জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। নিয়মিত টহল কার্যক্রম পরিচালনাকালে গত ৩১ মার্চ বিকেলে সেন্টমার্টিন লাইট হাউস থেকে প্রায় ৬ নটিক্যাল মাইল পশ্চিমে ভাসমান অবস্থায় তাদের উদ্ধার করা হয়। বুধবার (১ এপ্রিল) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আইএসপিআর জানায়, নিয়মিত টহল কার্যক্রম পরিচালনাকালে গত ৩১ মার্চ বিকেলে নৌবাহিনীর একটি টহল দল সেন্টমার্টিন লাইট হাউস থেকে প্রায় ৬ নটিক্যাল মাইল পশ্চিমে একটি ট্রলারকে ভাসমান অবস্থায় দেখতে পায়। তাৎক্ষণিকভাবে টহল দলটি ঘটনাস্থলে পৌঁছে আরোহীসহ ট্রলারটি উদ্ধার করে। এসময় উদ্ধারকৃত জেলেরা জানান, গত ২৭ মার্চ ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে গেলে তারা দিকভ্রান্ত হয়ে গভীর সমুদ্রে ভাসতে থাকেন। একপর্যায়ে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট দেখা দেয়, ফলে তারা চরম দুর্ভোগে পড়েন। নৌবাহিনীর সদস্যরা দ্রুত তাদের উদ্ধার করে নৌবাহিনী ফরোয়ার্ড বেইজ সেন্টমার্টিনে নিয়ে যান। সেখানে তাদের প্রয়োজনীয় খাদ্য, বিশুদ্ধ পানি ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। আইএসপিআর আরও জানায়, উদ্ধার হওয়া জেলেরা বর্তমানে সুস্থ ও নিরাপদ আছেন। আজ বুধবার তাদের পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়। দেশের সমুদ্রসীমায় নিরাপত্তা নিশ্চিত করা, জেলেদের জীবন-জীবিকার সুরক্ষা এবং ব্লু-ইকোনমির বিকাশে বাংলাদেশ নৌবাহিনী নিয়মিত টহলসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। এ উদ্ধার অভিযানকে নৌবাহিনীর মানবিকতা ও দায়িত্ববোধের একটি উজ্জ্বল দৃষ্টান্ত বলে উল্লেখ করেছে আইএসপিআর। টিটি/এমকেআর
Go to News Site