Collector
আপনারা কি পদ আর ক্ষমতার লড়াইয়ে এতটাই অন্ধ? প্রশ্ন ইমরুল কায়েসের | Collector
আপনারা কি পদ আর ক্ষমতার লড়াইয়ে এতটাই অন্ধ? প্রশ্ন ইমরুল কায়েসের
Jagonews24

আপনারা কি পদ আর ক্ষমতার লড়াইয়ে এতটাই অন্ধ? প্রশ্ন ইমরুল কায়েসের

দেশের ঘরোয়া ক্রিকেটের ভবিষ্যৎ এখন অনিশ্চয়তার মুখে। প্রতি বছর ক্রিকেটারদের আয়ের প্রধান উৎস ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) যথাসময়ে শুরু হওয়া নিয়ে তৈরি হয়েছে চরম সংশয়। এ অবস্থায় বিসিবি ও সিসিডিএম-এর শীর্ষ কর্তাদের নীরবতা এবং ব্যক্তিগত দ্বন্দ্বের কঠোর সমালোচনা করেছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার ইমরুল কায়েস। লিগ শুরু করার দাবিতে গতকালই বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবং সিসিডিএম চেয়ারম্যান আদনান রহমান দীপন বরাবর আনুষ্ঠানিক চিঠি দিয়েছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশ (কোয়াব)। সামাজিক যোগাযোগমাধ্যমেও সাধারণ ক্রিকেটাররা তাদের হতাশা প্রকাশ করছেন। আর আজ বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক দীর্ঘ পোস্টে কর্মকর্তাদের দায়িত্বজ্ঞান নিয়ে প্রশ্ন তুলেছেন ইমরুল। তিনি লেখেন, \'বর্তমানে বাংলাদেশ ক্রিকেটের পরিস্থিতি দেখে আর চুপ থাকা সম্ভব হলো না। যা হচ্ছে, তা প্রতিটি ক্রিকেটপ্রেমীর জন্য অত্যন্ত হতাশাজনক। আমাদের ক্রিকেটের অভিভাবকরা কি পদ আর ক্ষমতার লড়াইয়ে এতটাই অন্ধ হয়ে গেছেন?\' ব্যক্তিগত জেদ আর রেষারেষির কারণে লিগ বন্ধ থাকায় সাধারণ ক্রিকেটারদের মানবেতর জীবনের কথা স্মরণ করিয়ে দিয়ে ইমরুল আরও লেখেন, ‘আপনাদের জেদ আর রেষারেষির কারণে দিনের পর দিন লিগ বন্ধ হয়ে আছে। একবারও কি ভেবে দেখেছেন সেই সব ঘরোয়া ক্রিকেটারদের কথা, যারা শুধুই এই লিগগুলোর ওপর নির্ভর করে বেঁচে থাকে। অনেকের সংসার আজ চলা দায় হয়ে পড়েছে, অথচ কারো সেদিকে ভ্রুক্ষেপ নেই।’ তিনি আরও লেখেন, ‘সবাই সবসময় শুধু জাতীয় দল নিয়ে চিন্তিত থাকেন, কিন্তু ক্রিকেট মানেই কেবল জাতীয় দল নয়! জাতীয় দলের পাশাপাশি আমাদের সামগ্রিক ক্রিকেট কাঠামো নিয়ে ভাবা এখন সময়ের দাবি।’ ক্রিকেটকে রাজনীতিমুক্ত রেখে দ্রুত মাঠের ক্রিকেট ফেরাতে সরাসরি ক্রীড়া মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন এই বাঁ-হাতি ব্যাটার। কর্তৃপক্ষের সমালোচনা করে তিনি লেখেন, ‘আপনারা যদি নিজেদের ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে ক্রিকেটটাই বন্ধ করে দেন, তবে মুখে \'ক্রিকেটের উন্নয়নের জন্য কাজ করছি\' বলাটা কি হাস্যকর নয়? ক্রিকেট কোনো ব্যক্তির নয়, ক্রিকেট এই দেশের কোটি মানুষের আবেগ। দয়া করে এই খেলাটাকে ধ্বংস করবেন না। ক্রিকেটারদের রুটি-রুজির পথ বন্ধ করবেন না।’ এসকেডি/আইএইচএস

Go to News Site