Somoy TV
মধ্যপ্রাচ্যে চলমান সংকটের জেরে একাধিক দেশের আকাশসীমা বন্ধ থাকায় ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩৫ দিনে ৮৯৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। একই সময়ে আকাশসীমা এড়িয়ে সীমিত পরিসরে মধ্যপ্রাচ্যগামী এক হাজার ২৮৯টি ফ্লাইট পরিচালিত বা পরিকল্পনায় রাখা হয়েছে।বিমানবন্দর সূত্র জানায়, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করলে ঢাকার সঙ্গে মধ্যপ্রাচ্যের সরাসরি যোগাযোগে বড়ো ধরনের বিঘ্ন ঘটে। এর ফলে বিভিন্ন আন্তর্জাতিক এয়ারলাইন্সের শত শত ফ্লাইট বাতিল করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। তথ্য অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি ২৩টি ফ্লাইট বাতিলের মধ্য দিয়ে সঙ্কটের শুরু হয়, যা পুরো মার্চ মাসজুড়েই অব্যাহত ছিলো। এক মার্চ সর্বোচ্চ ৪০টি এবং দুই মার্চ ৪৬টি ফ্লাইট বাতিল হয়। মার্চ মাসের শেষ পর্যন্ত প্রতিদিন গড়ে ১৮ থেকে ৩৩টি ফ্লাইট বাতিল হয়েছে। এদিকে এক এপ্রিলও ১৮টি ফ্লাইট বাতিল হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে রয়েছে- এয়ার অ্যারাবিয়া ও জাজিরা এয়ারওয়েজের চারটি করে, কাতার এয়ারওয়েজের চারটি, কুয়েত এয়ারওয়েজ, গালফ এয়ার ও এমিরেটসের দুটি করে ফ্লাইট। সংকটকালীনও বিকল্প রুটে সীমিত আকারে ফ্লাইট পরিচালনা অব্যাহত রয়েছে। ২৮ ফেব্রুয়ারি থেকে এক এপ্রিল পর্যন্ত মাস্কাট, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত অভিমুখে মোট এক হাজার ২৮৯টি ফ্লাইট পরিচালিত বা পরিকল্পনা করা হয়েছে। আরও পড়ুন: মধ্যপ্রাচ্যে সংঘাত: ওমরাহ পালনে গিয়ে সৌদিতে আটকা ৪০ হাজার বাংলাদেশি পরিসংখ্যানে দেখা যায়, মার্চের মাঝামাঝি থেকে ফ্লাইট পরিচালনার সংখ্যা কিছুটা বাড়তে থাকে। ২৪ ও ২৬ মার্চ সর্বোচ্চ ৫০টি করে ফ্লাইট পরিচালিত হয়। ৩১ মার্চ ৪৮টি ফ্লাইট চলেছে এবং এক এপ্রিল ৫১টি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে। ফ্লাইট বাতিলের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন মধ্যপ্রাচ্যগামী প্রবাসী কর্মী, ব্যবসায়ী ও ট্রানজিট যাত্রীরা। অনেককে বিমানবন্দরে এসে ফিরে যেতে হচ্ছে, আবার অনেকের ভ্রমণ পরিকল্পনায় বড়ো ধরনের পরিবর্তন আনতে হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, মধ্যপ্রাচ্যের আকাশসীমা ধীরে ধীরে স্বাভাবিক হলে ফ্লাইট সংখ্যা আরও বাড়ানো হবে। পরিস্থিতি পুরোপুরি স্থিতিশীল না হওয়া পর্যন্ত ফ্লাইট সূচিতে পরিবর্তন আসতে পারে। ভোগান্তি এড়াতে যাত্রীদের ভ্রমণের আগে সংশ্লিষ্ট এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ তথ্য জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
Go to News Site