Jagonews24
বৈশ্বিক সংকটে অর্থনৈতিক অস্থিরতা সামাল দিতে সরকারের ব্যয় সাশ্রয়ী নীতির প্রভাব পড়েছে প্রকল্পের অগ্রগতিতে। যে কারণে চলতি অর্থবছরের জুলাই-ফেব্রুয়ারি সময়ে বা আট মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বাস্তবায়ন হয়েছে মাত্র ৩০ দশমিক ৩১ শতাংশ। টাকার অঙ্কে যা পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন। বুধবার (১ এপ্রিল) পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরীবিক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, চলতি অর্থবছরের ফেব্রুয়ারি পর্যন্ত আট মাসে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ৬৩ হাজার ৩২৭ কোটি টাকা ব্যয় হয়েছে, যা মূল এডিপির ৩০ দশমিক ৩১ শতাংশ। ২০২৪-২৫ অর্থবছরের আলোচ্য সময়ে ২৯ দশমিক ৮৭ শতাংশ বা ৬৭ হাজার ৫৫৩ কোটি, ২০২৩-২৪ অর্থবছরে ৩৩ দশমিক ৬৫ শতাংশ বা ৮৫ হাজার ৬০২ কোটি টাকার এডিপি বাস্তবায়ন হয়েছিল। আরও পড়ুনমার্চে এলো সর্বকালের রেকর্ড রেমিট্যান্স ইরান যুদ্ধের কারণে জ্বালানি শেষ হয়ে যাওয়া প্রথম দেশ হতে পারে বাংলাদেশ এছাড়া ২০২২-২৩ অর্থবছরের আলোচ্য সময়ে এডিপি বাস্তবায়ন হার ৩৪ দশমিক ৭৪ শতাংশ, যা টাকার অঙ্কে ৮২ হাজার ১৬৯ কোটি টাকা খরচ হয়েছিল। ২০২১-২২ অর্থবছরে ৩৮ দশমিক ৬০ শতাংশ এডিপি বাস্তবায়ন হয়েছিল, টাকার হিসাবে যা ছিল ৮৪ হজার ৭৬৫ কোটি টাকা। ফলে গত পাঁচ বছরের মধ্যে ২০২৫-২৬ অর্থবছরেন প্রথম ৮ মাসে সব থেকে কম টাকা খরচ হয়েছে। গত আট মাসে কয়েকটি মন্ত্রণালয় ও বিভাগ ১০ শতাংশও এডিপি বাস্তবায়ন করতে পারেনি। জননিরাপত্তা বিভাগে এডিপি বাস্তবায়ন হার ৩ দশমিক ৭৯ শতাংশ, বাণিজ্য মন্ত্রণালয়ে ৮ দশমিক ৮৬ শতাংশ, অভ্যান্তরীণ সম্পদ বিভাগে ৭ দশমিক ৫১ শতাংশ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগে ৯ দশমিক ৬৫ শতাংশ ও সংসদ সচিবালয় বিভাগের বাস্তবায়ন হার শূন্য শতাংশ। চলতি অর্থবছরে ৫৭টি মন্ত্রণালয় ও বিভাগে বরাদ্দ রয়েছে ২ লাখ ৮ হাজার ৯৩৫ কোটি টাকা। এমওএস/কেএসআর
Go to News Site