Somoy TV
ময়মনসিংহের ত্রিশালে তিন বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় হত্যার অভিযোগ উঠেছে শিশুটির বাবা সোহাগের বিরুদ্ধে, যিনি ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন।বুধবার (১ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার হরিরামপুর ইউনিয়নের রায়েরগ্রামে নানাবাড়ির কাছের একটি রাস্তা থেকে শিশুটির নিথর দেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, নিহত শিশু লাবিব তার মায়ের সঙ্গে নানার বাড়িতে বসবাস করত। তার বাবা সোহাগ বিভিন্ন অপরাধে জড়িত এবং একাধিক বিয়ে করেছেন। নিহত শিশুর মা লামিয়া তার তৃতীয় স্ত্রী। পারিবারিক কলহের জেরে লামিয়া ছেলে নিয়ে বাবার বাড়িতে অবস্থান করছিলেন। আরও পড়ুন: আইসক্রিমের কথা বলে মায়ের কাছ থেকে নিয়ে যায় মামা, ঝোপে মিললো মাওয়ার মরদেহ তবে বুধবার বিকেল ৩টার দিকে সোহাগ শ্বশুরবাড়িতে এসে ছেলেকে নিয়ে যান। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নানাবাড়ি থেকে প্রায় ৮০০ গজ দূরে একটি বাড়ির পাশের রাস্তা থেকে লাবিবের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন জানান, শিশুটির হত্যাকাণ্ডে তার বাবার সংশ্লিষ্টতা রয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তাকে গ্রেফতারের জন্য অভিযান চলছে।
Go to News Site