Collector
টাঙ্গাইলে স্ট্রবেরি চাষে তরুণের সাফল্য, বছরে ১০ লাখ টাকার লাভের আশা | Collector
টাঙ্গাইলে স্ট্রবেরি চাষে তরুণের সাফল্য, বছরে ১০ লাখ টাকার লাভের আশা
Somoy TV

টাঙ্গাইলে স্ট্রবেরি চাষে তরুণের সাফল্য, বছরে ১০ লাখ টাকার লাভের আশা

টাঙ্গাইলের ঘাটাইলে শীতকালীন বিদেশি ফল স্ট্রবেরি চাষ করে ব্যাপক সাড়া ফেলেছেন ২২ বছর বয়সী আব্দুল্লাহ আল মামুন। চলতি মৌসুমে তিনি খরচ বাদে ১০ লাখ টাকা লাভের আশা করছেন। আব্দুল্লাহর এই সাফল্য দেখে স্থানীয় অনেক যুবক স্ট্রবেরি চাষে আগ্রহী হচ্ছে।বিস্তীর্ণ এলাকা জুড়ে টসটসে রসালো স্ট্রবেরি বাগান। বিদেশি শীতকালীন এই ফল উত্তরবঙ্গসহ অন্যান্য জেলায় এর আগে চাষ হলেও টাঙ্গাইলের ঘাটাইলে এটি প্রথমবার বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে। এতে কাঙ্ক্ষিত পরিমাণে লাভবান হওয়ার স্বপ্ন দেখছেন স্থানীয় কৃষি উদ্যোক্তা যুবক আব্দুল্লাহ। তার সাফল্য দেখে স্থানীয় অন্যান্য যুবকরাও অনুপ্রাণিত হচ্ছেন। ঘাটাইলের শোলাকুড়া গ্রামের অনার্স পড়ুয়া শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন ২০২২ সালে মাত্র ১০০ চারা দিয়ে চাষ শুরু করেন। প্রথম বছর ফলন ও দাম ভালো পাওয়ায় পরের বছর থেকে বাণিজ্যিকভাবে চাষ বৃদ্ধি করেছেন। বর্তমানে দুই বিঘা জমিতে ১০ হাজার স্ট্রবেরির চারা লাগিয়েছেন তিনি। প্রতি গাছ থেকে প্রায় আধা কেজি ফল পাওয়া যাচ্ছে। প্রতি কেজি পাইকারি ৬০০ টাকায় বিক্রি হচ্ছে। চলতি বছর ফল ও চারা বিক্রি করে ১০ লাখ টাকা লাভের আশা তার। আব্দুল্লাহ মনে করেন, কৃষি অফিসের সহযোগিতা পেলে চাষাবাদ আরও বাড়ানো সম্ভব এবং বিদেশেও স্ট্রবেরি রফতানি করা যেতে পারে। তিনি বলেন, শুরুতে পরিবারের সদস্যরা স্ট্রবেরি চাষ নিয়ে বেশি উৎসাহ দেখাননি, এখন সবাই উৎসাহ জোগাচ্ছে। প্রতিটি গাছে লাল টকটকে ফল দেখতে বিভিন্ন এলাকা থেকে মানুষ ভিড় করছে। পাশাপাশি স্থানীয় যুবক ও অন্যান্য এলাকার মানুষ বাগান করার আগ্রহ দেখাচ্ছে। চলতি বছর চারা বিক্রিসহ স্ট্রবেরি বিক্রি করে ১০ লাখ টাকা লাভ হলে আগামীতে আরও বেশি জায়গা নিয়ে চাষ করার পরিকল্পনা রয়েছে। আরও পড়ুন: পেঁপে চাষেই ভাগ্যবদল, স্বাবলম্বী খাগড়াছড়ির দুর্গম দূরছড়ির গ্রামবাসী আব্দুল্লাহর বাবা বলেন, শুরুতে ছেলের বাগান নিয়ে গুরুত্ব দেইনি, কিন্তু এখন পরিবারের সবাই সহযোগিতা করছি। ফলন ভালো হয়েছে এবং দামও ভালো পাওয়া যাচ্ছে। আগামীতে আরও বড় পরিসরে বাগান করার পরিকল্পনা রয়েছে। স্থানীয় যুবক রাহাদ বাপ্পি বলেন, বাগান দেখে ভালো লাগছে। স্ট্রবেরি খেতে মজা এবং উপকারী ফল। আগামীতে আমিও বাগান করার চিন্তা করছি। কলেজ ছাত্রী মুক্তা মনি বলেন, আমি বাগান দেখতে এসেছি। এখান থেকে চারা সংগ্রহ করে বাসার ছাদে রোপণ করবো। স্ট্রবেরি বাজারে দামি হওয়ায় উৎপাদন করে নিজের পরিবারের চাহিদা মিটিয়ে আত্মীয় স্বজনদের দিতে চাচ্ছি। ঘাটাইল উপজেলা কৃষি কর্মকর্তা দিলশাদ জাহান বলেন, ঘাটাইল স্ট্রবেরি চাষের জন্য উপযুক্ত। নতুন যারা চাষ করতে আগ্রহী তাদের সব ধরনের সহযোগিতা করা হবে। এছাড়া কৃষি উদ্যোক্তা আব্দুল্লাহ আল মামুন চাইলে কৃষি অফিসের পক্ষ থেকে অবশ্যই সহায়তা দেয়া হবে।

Go to News Site