Somoy TV
ইরানের সঙ্গে যুদ্ধ আর দুই তিন সপ্তাহেই শেষ হয়ে যাবে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বুধবার (১ এপ্রিল) রাতে হোয়াইট হাউস থেকে ইরান যুদ্ধের পরিস্থিতি নিয়ে জাতির উদ্দেশে ভাষণে এই দাবি করেন তিনি।ট্রাম্প আমেরিকার জনগণের উদ্দেশে দেয়া এই ভাষণে বলেন, গত চার সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে যুদ্ধে ইরানের ওপর ‘দ্রুত, নির্ণায়ক ও ব্যাপক’ আঘাত হানা হয়েছে। তিনি দাবি করেন, এই অভিযানে এমন ধরনের বিজয় অর্জিত হয়েছে, যা খুব কম মানুষ আগে কখনও দেখেছে। তার মতে, মার্কিন সামরিক বাহিনী ইরানের সামরিক শক্তির ওপর ধ্বংসাত্মক আঘাত হেনেছে। খুব শিগগিরই যুদ্ধ শেষ হবে। ইরান আর দুই তিন সপ্তাহের বেশি লড়াই চালিয়ে নিয়ে যেতে পারবে না। ট্রাম্প বলেন, ‘আজ রাতে ইরানের নৌবাহিনী ধ্বংস হয়ে গেছে। দেশটির বিমান বাহিনীও ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং অধিকাংশ নেতাই এখন মৃত।’ আরও বলেন, ‘ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর-এর কমান্ড ও কন্ট্রোল ব্যবস্থা এই মুহূর্তে ধূলিসাৎ করা হচ্ছে। ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন উৎক্ষেপণের ক্ষমতাও এখন আর তত শক্তিশালী নেই। ইরানের অস্ত্র কারখানা ও রকেট লঞ্চারগুলো টুকরো টুকরো করে উড়িয়ে দেয়া হচ্ছে।’ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, ‘মার্কিন অভিযানের প্রধান লক্ষ্য ছিল ইরানের নৌবাহিনীকে নিশ্চিহ্ন করা এবং ওদের পরমাণু বোমা তৈরির ক্ষমতা নষ্ট করে দেয়া।’ ট্রাম্প জানান, সামরিক শক্তি হিসাবে আমেরিকা অপ্রতিরোধ্য। তিনি বলেন, ‘এই যুদ্ধ আমেরিকার শিশু ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি প্রকৃত বিনিয়োগ।’
Go to News Site