Jagonews24
টি-টোয়েন্টি সিরিজ খেলতে জিম্বাবুয়ে সফর করবে ভারত। আগামী জুলাইয়ে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে হারারেতে যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়নরা। গতকাল বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে জিম্বাবুয়ে ক্রিকেট। ২০২৪ সালের জুলাইয়ের পর এটি ভারতের প্রথম জিম্বাবুয়ে সফর হতে যাচ্ছে। সেই সফরে পাঁচটি টি-টোয়েন্টি খেলেছিল তারা। এর পাশাপাশি ২০২৭ সালের জানুয়ারিতে জিম্বাবুয়ের ভারত সফরের ঘোষণাও এসেছে, যেখানে তারা তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে। ২০০২ সালের পর এটিই হবে জিম্বাবুয়ের প্রথম দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ভারত সফর। সস্যসমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে দুই দলের লড়াইয়ে ৭২ রানের জয় পায় ভারত। চেন্নাইতে ৪ উইকেটে ২৫৬ রানের সংগ্রহ দাঁড় করায় ভারত। জিম্বাবুয়ে পুরো ২০ ওভার ব্যাটিং করে ৬ উইকেটে ১৮৪ রান করতে সক্ষম হয়েছিল। জিম্বাবুয়ে ক্রিকেটের ব্যবস্থাপনা পরিচালক গিভমোর ম্যাকোনি জানিয়েছেন, ভারতের বিপক্ষে এই সিরিজ তাদের খেলোয়াড় ও সমর্থকদের জন্য বড় সুযোগ। তিনি বলেন, ‘ভারতের বিপক্ষে ম্যাচ সবসময়ই ব্যাপক আগ্রহ তৈরি করে। নিজেদের মাটিতে বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে খেলা আমাদের খেলোয়াড়দের জন্য দারুণ পরীক্ষা।’ তিনি আরও বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে আমাদের ভালো পারফরম্যান্সের পর এই সিরিজ আমাদের জন্য গতি ধরে রাখার একটি বড় মঞ্চ এবং আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিদ্বন্দ্বিতামূলক দল হিসেবে এগিয়ে যাওয়ার সুযোগ।’ দুই দশকের বেশি সময় পর ভারতের মাটিতে খেলতে যাওয়ার বিষয়টিও জিম্বাবুয়ের জন্য বিশেষ গুরুত্ব বহন করছে। ম্যাকোনি বলেন, ‘এতবছর পর ভারতের বিপক্ষে তাদের মাটিতে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে যাওয়া আমাদের জন্য একটি মাইলফলক। ভারত বিশ্ব ক্রিকেটের অন্যতম বড় মঞ্চ এবং এই সফর আমাদের খেলোয়াড়দের জন্য সম্মানের পাশাপাশি গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা এনে দেবে।’ তিনি আশা প্রকাশ করেন, এই সিরিজ দুই দেশের ক্রিকেট সম্পর্ক আরও দৃঢ় করবে এবং জিম্বাবুয়ের খেলোয়াড়দের জন্য মূল্যবান অভিজ্ঞতা তৈরি করবে। আইএন
Go to News Site