Somoy TV
বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের ৪৯তম কেন্দ্রীয় পরীক্ষায় হিফজুল কুরআন বিভাগে সর্বোচ্চ ৪৯ জন শিক্ষার্থীর মেধা তালিকায় স্থান পাওয়ার গৌরব অর্জন করে সাফল্যের শীর্ষে অবস্থান করছে রাজধানীর যাত্রাবাড়ী ও ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত ‘মাদরাসাতুল ইতক্বান লিল উলূমিল কুরআন’। এছাড়াও দেশসেরা ১০টি মাদ্রাসা সর্বোচ্চ মেধা তালিকা অর্জন করে তাদের সাফল্য দেখিয়েছে।মাদ্রাসাতুল ইত্বকান ২০১২ সালে প্রতিষ্ঠিত হয়। এই মাদ্রাসায় বর্তমানে প্রায় আট শত শিক্ষার্থী পড়াশোনা করছেন। এখানে নুরানি, নাজেরা ও হিফজ রিভিশন বিভাগে অত্যন্ত সুনামের সঙ্গে পাঠদান করা হয়। পড়াশোনার মান এতটাই ঈর্ষণীয়, একসময় প্রতি বছরই ভারতসহ বিভিন্ন দেশ থেকে শিক্ষার্থীরা এখানে কোরআন হিফজ করতে আসতো। অবাক করা বিষয় হচ্ছে এ মাদ্রাসার মেধা তালিকার ৪৯ জনের মধ্যে ২২ জনই ১ নম্বর স্থান অর্জন করেছেন। মাদ্রাসার উস্তাদদের মতে, প্রতিষ্ঠানটির এই অভাবনীয় সাফল্যের পেছনে রয়েছে মাদ্রাসার প্রিন্সিপাল কারি আনিছুর রহমানের নিরলস মেহনত। তিনি ২০০১ সাল থেকেই দেশব্যাপী হিফজ শিক্ষকদের প্রশিক্ষণ দিয়ে আসছেন। জানা যায়, সারা বছর সারাদেশের হিফজ বিভাগের মানোন্নয়নে এখানে মেহনত চলে, এ পর্যন্ত প্রায় ৭৫ হাজার শিক্ষক তার কাছ থেকে প্রশিক্ষণ গ্রহণ করেছেন। মূলত তার এই দীর্ঘদিনের দক্ষতা কাজে লাগিয়েই ছাত্ররা আজকের এই দেশসেরা ফলাফল অর্জন করতে সক্ষম হয়েছে বলে জানান মাদ্রাসার উস্তাদরা। আরও পড়ুন: কওমি মাদ্রাসার ভর্তিযুদ্ধ শুরু: নতুনদের জন্য জরুরি দিকনির্দেশনা বোর্ড পরীক্ষায় মাদরাসাতুল ইতক্বান লিল উলূমিল কুরআন ঢাকার পাশাপাশি ত্রিশাল শাখাও বেফাক পরীক্ষায় ভালো ফলাফল করেছে। জাতীয় পর্যায়ের বিভিন্ন টেলিভিশন চ্যানেলের রিয়েলিটি হিফজুল কুরআন প্রতিযোগিতাতেও এই মাদ্রাসার শিক্ষার্থীরা নিয়মিত পুরস্কার জিতে আসছে।এদিকে বেফাকের ৪৯ তম কেন্দ্রীয় পরীক্ষায় হিফজুল কুরআন বিভাগে সারাদেশে প্রায় ৩৭ হাজার ৬৮৫ জন ছাত্র ও ২ হাজার ৪৭৪ জন ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করে। রাজধানী ঢাকার যাত্রাবাড়ীর উত্তর কুতুবখালীর মাদরাসাতুল ইতক্বান ৪৯ জন শিক্ষার্থী মেধা তালিকায় স্থান পেয়ে সারা দেশে প্রথম হয়েছে। সেরার এই লড়াইয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে মাদারীপুরের শিবচরের বিখ্যাত প্রতিষ্ঠান জামিয়াতুস সুন্নাহ; যাদের মেধা তালিকায় রয়েছে মোট ৩৭ জন হাফেজে কুরআন। এর ঠিক পরেই ৩৬ জন মেধাবী শিক্ষার্থী নিয়ে তৃতীয় স্থানটি নিজেদের জায়হা করে নিয়েছে গাজীপুর সদরের জামিআ রশিদিয়া আরাবিয়া। সাফল্যের এই মিছিলে একই মেধাস্থান পেয়ে চতুর্থ অবস্থানে যৌথভাবে তিন মাদ্রাসা, রাজধানীর দারুস সালামের মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামী, যাত্রাবাড়ীর তাহফিজুল কুরআন ওয়াস সুন্নাহ মাদরাসা, যশোরের আশরাফুল মাদারিস। তাদের মেধা তালিকায় এসেছে ৩৪ জন। কিশোরগঞ্জের দুটি প্রতিষ্ঠানও তালিকায় আছে। আল জামিয়াতুল ইমদাদিয়া থেকে ২৭ জন ও জামিআ নূরানীয়া থেকে মেধা তালিকায় স্থান পেয়েছে ২৩ জন শিক্ষার্থী। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের বাইতুল কুরআন হাফিজিয়া মাদরাসা, তাদের মেধাস্থান পাওয়া ছাত্রের সংখ্যা ২৫ জন। আর তালিকায় ১০ম স্থানে থাকা গাজীপুর সদরের জামিয়া মাহমুদিয়া মাদরাসা ও এতিমখানা থেকে মেধা তালিকায় এসেছে ২১ জন।কুরআনের এই হাফেজদের নিরলস পরিশ্রম আর শিক্ষকদের যোগ্য নির্দেশনায় উঠে এসেছে এই অভাবনীয় ফলাফল। কুরআনের আলো ছড়িয়ে যাক বিশ্বময় এ কামনাই বিশ্বের দ্বিতীয় সর্ববৃহৎ দেশ বাংলাদেশের জনগণের।
Go to News Site