Somoy TV
পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সাইবার ইউনিটের এসআই পরিচয়ে প্রতারণা করে অর্থ আত্মসাতের অভিযোগে রিপন মিয়া (২৪) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।বৃহস্পতিবার (২ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান। গ্রেফতার রিপন মিয়া নেত্রকোনার পূর্বধলার চান মিয়ার ছেলে। সিআইডি জানায়, ঢাকার আশুলিয়ার একটি বাসা থেকে বুধবার (১ এপ্রিল) রাত ৯টার দিকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে অপরাধ কাজে ব্যবহৃত ৪টি মোবাইল ফোন এবং ৮টি সিম কার্ড জব্দ করা হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৭ জানুয়ারি একজন ভুক্তভোগী রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় তার ব্যবহৃত একটি আইফোন-১৫ মডেলের মোবাইল ফোন হারিয়ে ফেলেন। পরবর্তীকালে মোবাইল ফোন উদ্ধারের জন্য তিনি সাইবার ক্রাইম হেল্পলাইন নামক একটি ভুয়া ফেসবুক আইডির সঙ্গে যোগাযোগ করেন। ওই আইডি থেকে তাকে একটি হোয়াটসঅ্যা নম্বর দেয়া হয়। সেখানে যোগাযোগ করলে প্রতারক নিজেকে সিআইডির সাইবার ইউনিটের এসআই ইকবাল হোসেন পরিচয় দিয়ে মোবাইল উদ্ধার করে দেয়ার প্রলোভন দেখান। এক পর্যায়ে প্রতারক মোবাইল উদ্ধার বাবদ ভুক্তভোগীর কাছ থেকে বিকাশের মাধ্যমে ৫ হাজার টাকা নেন। পরবর্তীকালে তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে রাজধানীর খিলক্ষেত থানায় মামলা দায়ের করেন। আরও পড়ুন: খুলনায় র্যাবের অভিযানে উদ্ধার ১৮ মাসের অপহৃত শিশু, গ্রেফতার ১ এতে জানানো হয়, মামলা হওয়ার পরপরই সিআইডি বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত শুরু করে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তকে শনাক্ত করতে সক্ষম হয়। প্রাথমিক তদন্তে জানা যায়, একই কৌশল অবলম্বন করে প্রতারক চক্র অন্য এক ভুক্তভোগীর কাছ থেকেও ৭২ হাজার ৭০০ টাকা প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করেছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সিআইডি জানতে পারে, গ্রেফতার ব্যক্তি দীর্ঘদিন যাবৎ নিজেকে সিআইডি পুলিশের সদস্য (এসআই ইকবাল, এসআই আরমান ইত্যাদি) পরিচয় দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধারণ মানুষের হারানো মোবাইল ফোন ও মোটরসাইকেল উদ্ধার করে দেয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণা করে আসছিল। বর্ণিত মামলা ছাড়াও সিআইডির সাইবার সাপোর্ট সেন্টারে তার বিরুদ্ধে আরও একাধিক অভিযোগ রয়েছে। আরও পড়ুন: নরসিংদীতে অতিরিক্ত পুলিশ সুপারের নাম ভাঙিয়ে প্রতারণা, গ্রেফতার ৩ সিআইডি এ ধরনের প্রতারণা সম্পর্কে সর্ব সাধারণকে সতর্ক থাকার জন্য অনুরোধ জানিয়েছে। সেইসঙ্গে কোনো ব্যক্তি আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে অর্থ দাবি করলে তার সঙ্গে কোনো ধরনের আর্থিক লেনদেন না করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছে। গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতারক চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।
Go to News Site