Jagonews24
দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আসর ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তা কাটাতে উদ্যোগ নিচ্ছে ক্রিকেটারদের সংগঠন ‘কোয়াব’ (ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ)। লিগ শুরুর জোরালো দাবির পাশাপাশি এবার তৃণমূল পর্যায়ের ক্রিকেটারদের অধিকার রক্ষায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগ থেকে প্রতিনিধি আহ্বানের ঘোষণা দিয়েছেন কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন। আজ (২ এপ্রিল) প্রতিনিধি আহ্বানের বিষয়টি নিশ্চিত করে এক ভিডিও বার্তায় মোহাম্মদ মিঠুন জানান, প্রথম বিভাগ থেকে দুইজন এবং দ্বিতীয় ও তৃতীয় বিভাগ থেকে একজন করে প্রতিনিধি যুক্ত করতে চায় কোয়াব। তবে এই নিয়োগ কোনো সিলেকশন নয়, বরং খেলোয়াড়দের নিজেদের ভোটাভুটির মাধ্যমেই সম্পন্ন হবে। ভোটাভুটির সম্পূর্ণ দায়িত্বও দেওয়া হয়েছে সংশ্লিষ্ট বিভাগের ক্রিকেটারদের ওপর। মার্চ-এপ্রিলের এই ভরা মৌসুমে ঢাকা লিগ নিয়ে চলমান স্থবিরতাকে প্রতিনিধি নিয়োগের ‘আদর্শ সময়’ হিসেবে দেখছেন মিঠুন। লিগ বন্ধ থাকায় সাধারণ ক্রিকেটারদের হাহাকারের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘ঢাকা লিগ আমাদের খেলোয়াড়দের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এটা আমাদের মূল উপার্জনের একটা জায়গা। এখানে সবচেয়ে বেশি সংখ্যক খেলোয়াড় আর্থিকভাবে উপকৃত হয়। এই লিগ বন্ধ হওয়াতে প্রতিটি খেলোয়াড় অনেক কষ্টে দিনাতিপাত করছে। বিষয়টি আমাদের নজরে আছে।’ ক্লাবগুলোর বিসিবি বয়কট করার জেরে লিগ নিয়ে যে ধোঁয়াশা তৈরি হয়েছে, তা নিরসনে কোয়াব কাজ করে যাচ্ছে বলে জানান তিনি। মিঠুন আরও বলেন, ‘খেলোয়াড়দের পক্ষ থেকে আমরা বিসিবি এবং সিসিডিএমের সঙ্গে যোগাযোগ করে যাচ্ছি। লিগটাকে দ্রুত মাঠে গড়ানোর বিষয়ে আমাদের চেষ্টার কমতি নেই। আমরা অতি দ্রুত সমাধান আনার চেষ্টা করছি।’ এসকেডি/এমএমআর
Go to News Site