Somoy TV
হঠাৎই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিয়েছেন ঢালিউড চিত্রনায়িকা অপু বিশ্বাস। আবেগঘন ওই বার্তায় ভক্তদের শান্ত থাকার পরামর্শ দেন অভিনেত্রী।বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে ফেসবুকে নিজের একটি পুরনো দিনের ছবি আপলোড করেন অপু। ওই ছবিতে শুভ্রতার সাদা রংয়ের পোশাকে ধরা দেন নায়িকা। ক্যাপশনে অপু জানান, দুই দশকেরও বেশি সময় ধরে রুপালি পর্দার আলোয় নিজেকে মেলে ধরেছেন। এই দীর্ঘ পথচলায় সবচেয়ে বড় শক্তি তার ভক্তরা। যারা কেবল সংখ্যায় নয় বরং শিক্ষা ও রুচিতে অনন্য। অপুর ভাষ্য, ভক্তদের নিজের পরিবারের সদস্য হিসেবে ভালোবাসেন। নিজের কাজ দিয়ে এ ভালোবাসা আরও গভীরতর করতে চান তিনি। এরপরই ভক্তদেরকে কারো সঙ্গে অযথা তর্কে জড়াতে নিষেধ করেন অপু। কাদা ছোঁড়াছুড়ি না করারও পরামর্শ দেন। অভিনেত্রীর মতে, যারা নিজের কাজ দিয়ে আলোচনায় থাকতে পারে না তারাই অন্যের পরিবার নিয়ে চর্চা করে সস্তা জনপ্রিয়তা পেতে চায়। সময়ের পাঠকের জন্য চিত্রনায়িকা অপু বিশ্বাসের ফেসবুক পোস্টটি তুলে ধরা হলো- আজ এই দীর্ঘ পথ চলায় আপনারা যেভাবে আমার ছায়া হয়ে পাশে আছেন তার জন্য আমি চিরঋণী। আপনারা আমাকে শুধু একজন শিল্পী হিসেবে নয়, আপনাদের পরিবারের একজন সদস্য হিসেবে ভালোবেসেছেন। আর এই ভালোবাসার পেছনের প্রধান কারণ হলো আমার কাজ। আপনারা আমাকে কাজ দিয়ে চেনেছেন, কাজের মাধ্যমেই আমি আপনাদের হৃদয়ে জায়গা করে নিয়েছি। আমি গর্বিত এই ভেবে যে, আমার ভক্তরা শুধু সংখ্যায় নয়, বরং তারা তাদের শিক্ষা, রুচি এবং মার্জিত আচরণের জন্য অনন্য। আপনারা যে কতটা ধৈর্যশীল এবং সুশিক্ষিত পরিবারের প্রতিনিধি, তা বারবার প্রমাণ করেছেন। আমি মনে করি, অপুর ভক্ত হওয়া মানেই আভিজাত্য আর শিষ্টাচারের এক অনন্য মেলবন্ধন। তাই আপনাদের প্রতি আমার বিশেষ অনুরোধ— আপনারা কারো সাথে কোনো ধরনের অহেতুক তর্কে বা কাদা ছোঁড়াছুড়িতে জড়াবেন না। মনে রাখবেন, যারা নিজেদের কাজ বা অর্জন দিয়ে আলোচনায় থাকতে পারে না, তারাই অন্যের পরিবার নিয়ে চর্চা করে বা আজেবাজে পোস্ট করে গুরুত্ব পাওয়ার চেষ্টা করে। কিন্তু আপনাদের ব্যক্তিত্ব এতই ঊর্ধ্বে যে, কারো নিচু মানের মন্তব্যের উত্তর দিয়ে আপনাদের সেই মর্যাদা ক্ষুণ্ণ করার প্রয়োজন নেই। যারা সস্তায় জিততে চায়, তারা কখনোই আপনাদের এই মার্জিত আভিজাত্যের নাগাল পাবে না। আমার পরিবার আমার অহংকার। যখন প্রয়োজন হয়েছে, আমি নিজেই আমার পরিবারকে আপনাদের সামনে এনেছি। এখন আর নতুন করে কোনো পোস্ট বা কথার মাধ্যমে আমার পরিবারকে নিয়ে কারো কাছে কিছু প্রমাণ করার নেই। আমাদের পরিচয় আমাদের কাজ, আমাদের বংশমর্যাদা এবং আমাদের শিক্ষা। আরও পড়ুন: না পাওয়ার দুঃখ আমায় যেন হতাশার আবর্তে না ফেলে: জায়েদ খান আপনারা যেভাবে আমাকে ছায়ার মতো আগলে রেখেছেন, ঠিক সেভাবেই আপনাদের ভালোবাসার সেই ছোট্ট আব্রাহাম খান জয়কে স্নেহ আর মমতায় আগলে রাখবেন। তাকে সুন্দরভাবে সবার কাছে উপস্থাপন করাই হোক আপনাদের লক্ষ্য। আমরা কোনো বিতর্ক বা হট্টগোলে নেই; আমরা আছি ভালোবাসা আর কাজের গৌরবে। আপনারা শান্ত ও হাসিখুশি থাকুন, কারণ আপনাদের এই মার্জিত রূপটিই আমার সবচেয়ে বড় শক্তি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আরও পড়ুন: মালয়েশিয়ায় শাকিব, শুরু হলো ‘রকস্টার’-এর শুটিং
Go to News Site