Collector
স্কুলে ক্লাস চলাকালে ধসে পড়ল ছাদের বিম, আহত ৩ ছাত্রী | Collector
স্কুলে ক্লাস চলাকালে ধসে পড়ল ছাদের বিম, আহত ৩ ছাত্রী
Somoy TV

স্কুলে ক্লাস চলাকালে ধসে পড়ল ছাদের বিম, আহত ৩ ছাত্রী

শ্রেণিকক্ষে স্বাভাবিকভাবেই পাঠদান চলছিল। হঠাৎ বিকট শব্দে ছাদের একটি অংশ ও বিমের পলেস্তারা খসে পড়ে শিক্ষার্থীদের ওপর। এতে শ্রেণিকক্ষে হুড়োহুড়ি শুরু হয় এবং বেঞ্চে বসে থাকা তিনজন শিক্ষার্থী মাথায় ও শরীরে প্রচণ্ড আঘাত পেয়ে গুরুতর আহত হয়েছে।লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার জনকল্যাণ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতরা সবাই ওই বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী। তারা হলো- নাদিয়া, ঋতু ও সামিয়া। ঘটনার পর স্থানীয়রা আহত শিক্ষার্থীদের উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসা শেষে তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, আহত শিক্ষার্থীদের প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হয়েছে এবং তারা বর্তমানে শঙ্কামুক্ত। আরও পড়ুন: জবিতে পলেস্তারা খসে আহত ২: প্রতিবাদে হেলমেট পরে শ্রেণিকক্ষে শিক্ষার্থীরা বিদ্যালয়ের শিক্ষক আবদুল মান্নান পাশা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ক্লাস চলাকালীন হঠাৎ অনাকাঙ্ক্ষিতভাবে ছাদের বিমের অংশ ধসে পড়ে। এতে আমাদের তিনজন ছাত্রী আহত হয়। আমরা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি।’ এদিকে, দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে অন্য শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম আতঙ্ক তৈরি হয়। অভিভাবকদের অভিযোগ, বিদ্যালয়ের ভবনটি আগে থেকেই ঝুঁকিপূর্ণ ছিল। জরাজীর্ণ অবস্থায় ক্লাস নেয়ার কারণেই এমন দুর্ঘটনা ঘটেছে। তারা দ্রুত স্কুল ভবন সংস্কার বা নতুন ভবনের দাবি জানিয়েছেন। এ বিষয়ে রায়পুর উপজেলা শিক্ষা কর্মকর্তা তৌহিদুল ইসলাম বলেন, ‘ভবনটি ঝুঁকিপূর্ণ থাকার বিষয়টি আমাদেরকে অবহিত করা হয়েছিল। আমরাও আমাদের ঊর্ধ্বতন অফিসকে বিষয়টি জানিয়েছি। কিন্তু বরাদ্দ না থাকায় কোনো উদ্যোগ নেয়া যায়নি।’

Go to News Site