Somoy TV
তাবরেজ শামসিকে অনুসরণ করলেন নুয়ান থুশারা। ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে পর্যাপ্ত সময়ের জন্য অনুমতি না পাওয়ায় গত বছর দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডকে আদালতে টেনে নিয়ে গিয়েছিলেন প্রোটিয়া ক্রিকেটার। আদালতের রায়ে তার জয় হয়।শুধু সময়সীমা বাড়ানোর নির্দেশই নয়, আইনি লড়াইয়ে শামসির যে খরচাপাতি হয়, দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডকে তা দেওয়ারও নির্দেশ দেন আদালত। শামসির দেখানো সেই পথে হাঁটলেন থুশারা। ডানহাতি এ পেসারকে আইপিএলের চলতি মৌসুমে খেলার অনুমতি দেয়নি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। তাই আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি। খবর লঙ্কান সংবাদ মাধ্যম নিউজওয়্যারের।গত মৌসুমে ১ কোটি ৬০ লাখ রুপিতে থুশারাকে কিনেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। চলতি মৌসুমের জন্য তাকে রিটেন করে দলটি। কিন্তু বাধ সাধল শ্রীলঙ্কা। ফিটনেসসংক্রান্ত কারণ দেখিয়ে থুশারাকে এনওসি দেয়নি তারা। তাই অন্যায় করা হচ্ছে দাবি করে কলম্বোর ডিস্ট্রিক্ট আদালতে অভিযোগ দায়ের করেছেন থুশারা।আরও পড়ুন: আন্তর্জাতিক ক্রিকেটকে ডুসেনের বিদায়বোর্ডের সভাপতি শাম্মি সিলভা, সেক্রেটারি বান্দুলা দিসানায়েকে, কোষাধ্যক্ষ সুজিওয়া ও সিইও অ্যাশলে ডি সিলভাকে অভিযুক্ত করেছেন তিনি। এই মামলায় ৯ এপ্রিল শুনানির দিন ধার্য হয়েছে। অভিযোগে থুশারা বলেছেন, বোর্ডের সঙ্গে ৩১ মার্চ তার চুক্তির মেয়াদ শেষ হয়েছে এবং বোর্ডকে আগেই জানিয়ে দিয়েছেন যে এবার চুক্তি নবায়ন করবেন না। এসএলসিও তাকে নির্বাচিত করা হবে না বলে আশ্বস্ত করেছিল। এমতাবস্থায় এনওসি না দেওয়া সম্পূর্ণ অযৌক্তিক।থুশারা আরও দাবি করেন যে তার বর্তমান ফিটনেস তার ক্যারিয়ারজুড়ে বজায় রাখা মানের সঙ্গেই সামঞ্জস্যপূর্ণ এবং একই ধরনের ফিটনেস থাকা সত্ত্বেও আগের বছরগুলোতে শ্রীলঙ্কা ক্রিকেট তাকে এনওসি দিতে কোনো বাধা দেয়নি। এই ক্রিকেটার আদালতকে জানিয়েছেন যে এনওসি না পেলে তার আইপিএল ফ্র্যাঞ্চাইজি তাকে বদলে ফেলতে পারে এবং এতে তিনি বড় অঙ্কের আয় ও ভবিষ্যৎ ক্যারিয়ারের সুযোগ হারাবেন।থুশারার ফ্র্যাঞ্চাইজি বেঙ্গালুরু এবারের আসরের প্রথম ম্যাচটাতেই খেলেছে। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ওই ম্যাচে ৬ উইকেটে জিতেছে তারা। পরের দুই ম্যাচে ৫ এপ্রিল চেন্নাই সুপার কিংস ও ১০ এপ্রিল রাজস্থান রয়্যালসের মুখোমুখি হবে তারা। রায় যেহেতু ৯ এপ্রিল, নিশ্চিত করেই বলা যায় থুশারা এই দুটি ম্যাচও মিস করতে যাচ্ছেন।
Go to News Site