Collector
জুলাই সনদ বাস্তবায়নে প্রয়োজনে জনগণ আবারও রাজপথে নামবে: মো. মোবারক হোসাইন | Collector
জুলাই সনদ বাস্তবায়নে প্রয়োজনে জনগণ আবারও রাজপথে নামবে: মো. মোবারক হোসাইন
Somoy TV

জুলাই সনদ বাস্তবায়নে প্রয়োজনে জনগণ আবারও রাজপথে নামবে: মো. মোবারক হোসাইন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মো. মোবারক হোসাইন বলেছেন, জনগণের ন্যায্য দাবি ও অধিকার আদায়ের লক্ষ্যে ঘোষিত জুলাই সনদ বাস্তবায়ন না হলে আমরা চুপ করে বসে থাকবো না। প্রয়োজনে আবারও রাজপথে নামতে বাধ্য হবো।বৃহস্পতিবার (২ এপ্রিল) কুষ্টিয়া শহরের হাজী শরিয়ত উল্লাহ এতিমখানার আব্দুল ওয়াহিদ মিলনায়তনে কুষ্টিয়া জেলা জামায়াতের দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশে জেলার সকল ইউনিয়ন পর্যায়ের দায়িত্বশীল ও নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।মোবারক হোসাইন বলেন, জুলাই সনদ শুধু একটি দাবি নয়, এটি জনগণের প্রত্যাশা ও অধিকার প্রতিষ্ঠার প্রতীক। দীর্ঘদিন ধরে এই সনদের বাস্তবায়ন নিয়ে যে আশ্বাস দেওয়া হয়েছে, তা বাস্তবে রূপ না নিলে জনমনে হতাশা বাড়বে।জুলাই সনদ বাস্তবায়নে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণে সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সময় থাকতে জনগণের দাবি মেনে নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ। অন্যথায় আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে। জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে প্রয়োজনে আবারও রাজপথে নামার ঘোষণা দেন মোবারক হোসাইন।সকল স্তরের মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে এবং শান্তিপূর্ণভাবে দাবি আদায়ের জন্য প্রস্তুত থাকার কথা উল্লেখ করে তিনি বলেন, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সংগঠনের দায়িত্বশীলদের আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।কুষ্টিয়া জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ খন্দকার এ কে এম আলী মহসিনের সভাপতিত্বে ও সেক্রেটারি অধ্যাপক সুজাউদ্দিন জোয়ার্দারের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. আবু সাদিক, জেলা সহকারী সেক্রেটারি মাজহারুল হক মমিন, খায়রুল ইসলাম রবিন, কুষ্টিয়া শহর জামায়াতের আমীর এনামুল হকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।এর আগে সকাল ১০টায় কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের উদ্যোগে আলাদা দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জেলা ও উপজেলা, ইউনিয়ন পর্যায়ের মহিলা বিভাগের দায়িত্বশীল বৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশে সংগঠনের কার্যক্রম সম্প্রসারণ, নারীদের সামাজিক ভূমিকা বৃদ্ধি এবং বিভিন্ন সাংগঠনিক দিক নিয়ে আলোচনা করা হয়।সমাবেশে বক্তারা সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী করতে সকল পর্যায়ের দায়িত্বশীলদের আন্তরিকতা ও ঐক্য বজায় রেখে কাজ করার আহ্বান জানান।

Go to News Site