Somoy TV
নওগাঁর বদলগাছী উপজেলায় মেয়ের শ্বশুরবাড়ির সদস্যদের মারধরে গৌর চন্দ্র (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ ওঠেছে।বৃহস্পতিবার (২ এপ্রিল) উপজেলার বালুভরা ইউনিয়নের গাবনা গুদাইল গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত গৌর চন্দ্র আধাইপুর উপরপাড়া গ্রামের বাসিন্দা ও ওমিনি চন্দ্রের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ৬-৭ বছর আগে গৌর চন্দ্র তার মেয়ে রাখি রানীর বিয়ে একই উপজেলার গাবনা গুদাইল গ্রামের উত্তম কুমারের সঙ্গে দেন। বিয়ের পর থেকে রাখি শ্বশুরবাড়িতেই বসবাস করলেও তার স্বামী ঢাকায় কর্মরত ছিলেন। অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে শ্বশুরবাড়ির সদস্যরা তাকে বিভিন্নভাবে নির্যাতন করে আসছিলেন। ঘটনার আগের দিন রাখি রানীকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয়া হয় এবং সারারাত তাকে ঘরে ঢুকতে দেয়া হয়নি বলে জানা গেছে। আরও পড়ুন: ছেলের শ্বশুরবাড়ির স্বজনদের মারধরে বাবার মৃত্যু, আটক ৬ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে গৌর চন্দ্র তার ছেলে পলাশসহ কয়েকজন আত্মীয়কে নিয়ে মেয়ের শ্বশুরবাড়িতে গিয়ে বিষয়টি মীমাংসার চেষ্টা করেন। এ সময় অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে গৌর চন্দ্রসহ তার পরিবারের সদস্যদের ওপর হামলা চালায়। একপর্যায়ে গৌর চন্দ্র পাশের একটি বাড়িতে আশ্রয় নিতে গেলে অভিযুক্ত উৎপল ক্রিকেট ব্যাট দিয়ে তার মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে পড়েন। এ সময় তার ছেলে পলাশও আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিকেল ৩টা ৪৫ মিনিটে গৌর চন্দ্রকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জড়িত সন্দেহে মনা রানী (৪০) ও পুষ্পা রানী (২৫) নামে দুইজনকে আটক করেছে পুলিশ। আরও পড়ুন: শ্বশুরবাড়ির উঠনে পড়ে ছিল যুবকের মরদেহ, বাঁ চোখে রক্তের চিহ্ন বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান জানান, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের আটকের জন্য অভিযান চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Go to News Site