Somoy TV
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ভারতীয় বন্য শূকরের আক্রমণে চারজন আহত হয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের বড় হাদিনগর ও বিনোদপুর ইউনিয়নের কামাত গ্রামে এই হামলার ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা, প্রত্যক্ষদর্শী ও আহতদের স্বজনদের সূত্রে জানা যায়, বড় হাদিনগর গ্রামের নাসির উদ্দিন (চুরিওয়ালা) বিনোদপুর বাজার থেকে ছাগলের জন্য ঘাস নিয়ে সাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথে একটি আমবাগানের মধ্য দিয়ে যাওয়ার সময় হঠাৎ বন্য শূকর তার ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করেন। আরও পড়ুন: পেট্রোল পাম্পে তেল নিতে যাওয়ার পথে বাসচাপায় যুবক নিহত একই দিন ওই এলাকার আমবাগানে কাজ করার সময় আরও তিনজন বন্য শূকরের আক্রমণের শিকার হন। আহতরা হলেন: কামাত গ্রামের মনিরুল ইসলামের ছেলে জনি, মফিজুদ্দিনের ছেলে ডালিম এবং আব্দুল হাকিমের ছেলে মুলি। আমবাগানে কীটনাশক স্প্রে করার সময় বন্য প্রাণীটি তাদের ওপর আক্রমণ করে। এ বিষয়ে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল উদ্দিন বলেন, ‘আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহতরা উপজেলা হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন।’
Go to News Site