Collector
কাপ্তাইয়ে জানাজা শেষে ফেরার পথে ইউপি সদস্যকে কুপিয়ে জখম | Collector
কাপ্তাইয়ে জানাজা শেষে ফেরার পথে ইউপি সদস্যকে কুপিয়ে জখম
Somoy TV

কাপ্তাইয়ে জানাজা শেষে ফেরার পথে ইউপি সদস্যকে কুপিয়ে জখম

রাঙ্গামাটির কাপ্তাইয়ে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য গুরুতর জখম হয়েছেন। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত পৌনে ১০টার দিকে উপজেলার কেপিএম চান্দিনা সিনেমা হল এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহত মো. মামুন (৪৫) উপজেলার ১ নম্বর চন্দ্রঘোনা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য। কাপ্তাই থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ৯টার দিকে চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে একটি জানাজার নামাজ শেষে নিজ বাড়ি ফিরছিলেন মামুন। পথে কেপিএম চান্দিনা সিনেমা হল এলাকায় কয়েকজন দুর্বৃত্ত তার ওপর অতর্কিত হামলা চালায়। তারা ধারালো অস্ত্র দিয়ে তার মাথা, হাত, পা ও পিঠে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় চন্দ্রঘোনা মিশন হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে রাতেই তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে রাত ১২টা পর্যন্ত তার শরীরে অস্ত্রোপচার চলে। আরও পড়ুন: কাপ্তাইয়ে পেট্রোল-অকটেন সংকটে বিপাকে পর্যটকরা হাসপাতালে আহত মামুনের সঙ্গে থাকা তার স্ত্রী সাথী বেগম ও বড় ভাই মাসুদ রাত সাড়ে ১২টার দিকে জানান, মামুনের শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তাকে রক্ত দেয়া হচ্ছে। তবে বর্তমানে পরিস্থিতি স্থিতিশীল রয়েছে বলে চিকিৎসকেরা তাদের জানিয়েছেন। সার্বিক বিষয়ে কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল বলেন, ‘ঘটনার পরপরই পুলিশ তদন্ত শুরু করেছে। আহত ইউপি সদস্য হামলাকারীদের কাউকে শনাক্ত করতে পেরেছেন কি না, তা জানার চেষ্টা চলছে। অপরাধীদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।’

Go to News Site