Collector
৯ মাসে তৈরি পোশাক রফতানি আয় কমলো ৫.৫১ শতাংশ | Collector
৯ মাসে তৈরি পোশাক রফতানি আয় কমলো ৫.৫১ শতাংশ
Somoy TV

৯ মাসে তৈরি পোশাক রফতানি আয় কমলো ৫.৫১ শতাংশ

চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ৯ মাসে দেশের তৈরি পোশাক (আরএমজি) রফতানি আয় বিগত অর্থবছরের একই সময়ের তুলনায় ৫ দশমিক ৫১ শতাংশ কমেছে।বৃহস্পতিবার (২ এপ্রিল) রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, অর্থবছরের জুলাই থেকে মার্চ মাসের মধ্যে তৈরি পোশাক রফতানি আয় ৫.৫১ শতাংশ কমে দাঁড়িয়েছে ২ হাজার ৮৫৭ কোটি ৮৪ লাখ ডলারে। আর ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ে মাসে আয় হয়েছিল ৩ হাজার ২৪ কোটি ৬৩ লাখ ডলার। আরও পড়ুন: অর্থবছরের প্রথম ৯ মাসে রফতানি আয় কমেছে ৪.৮৫ শতাংশ তৈরি পোশাক খাতের রফতানি আয়ের মধ্যে ১ হাজার ৫১১ কোটি ৪ লাখ ডলার এসেছে নিটওয়্যার রফতানি থেকে, যা বছর ব্যবধানে ৬ দশমিক ৪২ শতাংশ কমেছে। ২০২৪-২৫ অর্থবছরের জুলাই-মার্চ মাসে এ আয় ছিল ১ হাজার ৬১৪ কোটি ৬৭ লাখ ডলার। এছাড়া ১ হাজার ৩৪৬ কোটি ৭৯ লাখ ডলার এসেছে ওভেন পোশাক রফতানি থেকে, যা গত বছরের একই সময়ের তুলনায় কমেছে ৪ দশমিক ৪৮ শতাংশ। গত ২০২৪-২৫ অর্থবছরের জুলাই-মার্চ মাসে এ আয় ছিল ১ হাজার ৪০৯ কোটি ৯৬ লাখ ডলার। এদিকে, সদ্যবিদায়ী মার্চ মাসে তৈরি পোশাক (আরএমজি) রফতানি আয় গত বছরের একই সময়ের তুলনায় ১৯ দশমিক ৩৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ২৭৮ কোটি ২২ লাখ ডলারে। আর ২০২৫ সালের একই সময়ে এ আয় ছিল ৩৪৪ কোটি ৯৯ লাখ ডলার। তৈরি পোশাক খাতের রফতানি আয়ের মধ্যে ১৪২ কোটি ৩২ লাখ ডলার এসেছে নিটওয়্যার রফতানি থেকে, যা বছর ব্যবধানে ২১ দশমিক ২০ শতাংশ কমেছে। এছাড়া ১৩৫ কোটি ৮৯ লাখ ডলার এসেছে ওভেন পোশাক রফতানি থেকে, যা গত বছরের একই সময়ের তুলনায় কমেছে ১৭ দশমিক ৩২ শতাংশ। আরও পড়ুন: মার্চেও কমলো দেশের রফতানি আয় ইপিবির তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ৯ মাসে উল্লেখযোগ্য খাতের মধ্যে চামড়া, চামড়াজাত পণ্যের রফতানি বাড়লেও হোম টেক্সটাইল ও কৃষি পণ্যের কমেছে। চামড়া ও চামড়াজাত পণ্যের রফতানি বেড়েছে ৩ দশমিক ১৫ শতাংশ। জুলাই-মার্চ মাসে রফতানি হয়েছে ৮ কোটি ৭৮ লাখ ডলারের চামড়া ও চামড়াজাত পণ্য।  তবে হোম টেক্সটাইলের রফতানি আয় শূন্য দশমিক ৭৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬৭ কোটি ২৬ লাখ ডলারে। আর কৃষি পণ্যের রফতানি আয় ৯ দশমিক ২১ শতাংশ কমে দাঁড়িয়েছে ৭৩ কোটি ২৭ লাখ ডলারে। এদিকে সদ্যবিদায়ী মার্চ মাসে দেশে পণ্য রফতানি থেকে আয় এসেছে ৩৪৮ কোটি ৭ লাখ মার্কিন ডলার। বছর ব্যবধানে যা কমেছে ১৮ দশমিক ০৭ শতাংশ।

Go to News Site