Jagonews24
সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে জ্বালানি তেল বিক্রির অপরাধে এক খুচরা তেল বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। নিলামে ৮০ টাকা লিটার মূল্যে কেনা তেল ১২০ টাকা লিটার দরে বিক্রির অনুমতি থাকলেও দ্বিগুণেরও বেশি দামে তেল বিক্রির সময় জাকির মোল্লা নামের ওই বিক্রেতাকে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার (২ এপ্রিল) ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা এনএসআই সূত্রে জানা যায়, বিগত কয়েকদিন জ্বালানি তেলের অবৈধ মজুতের বিরুদ্ধে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের অভিযানে জব্দকৃত ৭০০ থেকে ৮০০ লিটার ডিজেল ও অকটেন নিলামে কেনেন জাকির মোল্লা। এরপর সেই ৮০ টাকা লিটার দরে কেনা জ্বালানি তেল ২০০-২৫০ টাকা দরে বিক্রি করছেন বলে জানতে পারে এই গোয়েন্দা সংস্থাটি। এরপর এনএসআই বিষয়টি টের পেয়ে নজরদারি শুরু করে। পরবর্তীতে সত্যতা পেয়ে ভাটারা থানা পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে জাকির মোল্লা নামের ওই ব্যক্তিকে অকটেন ও ডিজেলসহ জব্দ করে থানায় নিয়ে যায়। ভাটার থানার ওসি মো. মাজহারুল ইসলাম বলেন, জাকির মোল্লা নিলামে জব্দকৃত তেল কিনে খুচরা ক্রেতাদের কাছে অতিরিক্ত দামে বিক্রি করছিলেন। এনএসআই সংবাদ পেয়ে অভিযান চালিয়ে আসামি জাকির মোল্লাকে থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে আইন অনুযায়ী মামলা হবে। গ্রেফতার করা হয়েছে জাকির মোল্লাকে। কেআর/এএমএ
Go to News Site