Somoy TV
কুমিল্লার হোমনা উপজেলায় একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও এক রাউন্ড তাজা গুলিসহ মো. মনির হোসেন (৩৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।মঙ্গলবার (৩১ মার্চ) রাতে উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের দুর্গাপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মনির হোসেন ওই গ্রামের ইউনুছ মিয়ার ছেলে।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হোমনা থানার এসআই মোহাম্মদ মোসলেহ উদ্দিন ও এএসআই আল আমিন সঙ্গীয় ফোর্স নিয়ে দুর্গাপুর গ্রামের ভূঁইয়া বাড়ি কবরস্থানের সামনে অভিযান পরিচালনা করেন। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে মনিরকে আটক করা হয়।পরে সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে তার কোমর থেকে একটি সোনালী রঙের বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত পিস্তলের গায়ে ‘মেইড ইন ইউএসএ’ লেখা রয়েছে।মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আনিস জানান, আসামিকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ড আবেদন করা হবে।এ বিষয়ে হোমনা থানার পরিদর্শক (তদন্ত) দীনেশ চন্দ্র দাস গুপ্ত বলেন, আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
Go to News Site