Somoy TV
চাঁপাইনবাবগঞ্জে হামের উপসর্গ নিয়ে আড়াই বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। চিকিৎসার জন্য তাকে জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।শুক্রবার (৩ এপ্রিল) সকাল পৌনে ৯টার দিকে শিশুটিকে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে তার পরিবার। মৃত ওই শিশুর নাম মাসুদা খাতুন। সে সদর উপজেলার শাজাহানপুর ইউনিয়নের হাকিমপুর গ্রামের নৈমুর রহমানের মেয়ে। চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. রুমালী খাতুন বলেন, ‘বাচ্চাটিকে খুবই খারাপ অবস্থায় নিয়ে আসা হয়েছিল। সে মূলত নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে জ্বর, শ্বাসকষ্ট ও ঠান্ডায় ভুগছিল। আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি।’ তিনি আরও বলেন, ‘মৃত শিশুর শরীরের বিভিন্ন অংশে র্যাশ ছিল। কিন্তু এটি বিভিন্ন কারণেই হতে পারে। শুধু হামের জন্যই হয় এমনটা নয়। ভাইরাসজনিত আরও বিভিন্ন রোগ রয়েছে, যার কারণেও র্যাশ হতে পারে। আমরা শিশুটির চিকিৎসা শুরু করার সুযোগই পাইনি। তাই নিশ্চিত করে তার মৃত্যুর কারণ বলা যাবে না।’ আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে কমছে হামের প্রকোপ, ২৪ ঘণ্টায় সুস্থ ২৪ শিশু হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ মশিউর রহমান বলেন, ‘হাসপাতালে ভর্তির আগেই শিশুটি মারা যায়। তবে মৃত্যু হামে নাকি অন্য কোনো জটিলতায় হয়েছে, সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্ত ও নমুনা পরীক্ষা করলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। পাশাপাশি বিষয়টি সিভিল সার্জন কার্যালয়কেও জানানো হয়েছে। তারা মৃত শিশু ও তার আশেপাশের এলাকার মানুষ টিকা গ্রহণ করেছে কি না, তার খোঁজ-খবর নেবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।’ এদিকে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আব্দুস সামাদ জানান, বর্তমানে হাম পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। গত দুই দিন ধরে আক্রান্ত রোগীর সংখ্যা কমে আসছে। একই সঙ্গে সুস্থতার হারও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১২ জন শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। একই সময়ে ছাড়পত্র দেয়া হয়েছে ২৪ জনকে। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছে ৪৬ জন। এ নিয়ে জেলায় গত তিন মাসে হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪৯ জন এবং হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৬ শিশুর।
Go to News Site