Collector
আয়ারল্যান্ডে মাছ ধরতে গিয়ে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু | Collector
আয়ারল্যান্ডে মাছ ধরতে গিয়ে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু
Somoy TV

আয়ারল্যান্ডে মাছ ধরতে গিয়ে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু

আয়ারল্যান্ডে মাছ ধরতে গিয়ে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এক ভাইকে বাঁচাতে গিয়ে অপর ভাইয়েরও সমুদ্রের ঢেউয়ে তলিয়ে মৃত্যু হয়। সম্প্রতি দেশটির কাউন্টি ক্লেয়ার-এর ডুনবেগ এলাকায় ঘটনাটি ঘটে। এক দশক আগে আফগানিস্তান থেকে এসে লিমেরিকে বসবাস শুরু করেছিলেন তারা।যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান ছেড়ে নতুন জীবনের আশায় আয়ারল্যান্ডে পাড়ি জমান দুই ভাই। কঠোর পরিশ্রমে ট্যাক্সি ও রেস্টুরেন্ট ব্যবসার মাধ্যমে গড়ে তুলেছিলেন স্বচ্ছল জীবন। অবসর পেলেই শখের বসে মাছ ধরতে যেতেন। কিন্তু সেই শখই শেষ পর্যন্ত তাদের জীবনের কাল হয়ে দাঁড়ায়। ডুনবেগ এলাকায় পাথরের ওপর দাঁড়িয়ে মাছ ধরছিলেন তারা। হঠাৎ বৈরি আবহাওয়ার মধ্যে শক্তিশালী ঢেউ এসে আঘাত হানে। মুহূর্তের মধ্যেই এক ভাই পাথর থেকে নিচে পড়ে যান। তাকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়েন আরেক ভাই। কিন্তু পরের ঢেউ আর কাউকেই ফিরে আসার সুযোগ দেয়নি। দু’জনেই তলিয়ে যান উত্তাল সাগরে। ২০ ও ৩০ বছর বয়সি সালাউদ্দিন সাফি এবং তাজউদ্দিন সাফির সঙ্গে আরও তিনজন সেখানে উপস্থিত ছিলেন। তারা দ্রুত কোস্ট গার্ডকে খবর দিলে উদ্ধার অভিযানে নামে হেলিকপ্টার ও আরান দ্বীপের লাইফবোট ইউনিট।  আরও পড়ুন: হঠাৎ পানিতে ডুবে রাহুলের মৃত্যু, কী ঘটেছিল? ঘণ্টাখানেক চেষ্টার পর উদ্ধার করা হয় দুই ভাইয়ের মরদেহ। এই দুর্ঘটনার পর স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সতর্কতা বাড়ানোর দাবি উঠেছে। লিমেরিক সিটি কাউন্সিলের বাংলাদেশি কাউন্সিলর আজাদ তালুকদার জানিয়েছেন, দুর্ঘটনাপ্রবণ এই এলাকাগুলোতে সতর্কবার্তা ও সাইনবোর্ড স্থাপন জরুরি। এই মর্মান্তিক ঘটনায় লিমেরিকের আফগান কমিউনিটিতে নেমে এসেছে শোকের ছায়া। একই সঙ্গে স্থানীয় আইরিশ সম্প্রদায়ের মধ্যেও দেখা গেছে গভীর শোক ও সহমর্মিতা।

Go to News Site