Collector
সম্পর্ক পুনঃস্থাপনে বিসিসিআইকে চিঠি দিয়েছে বিসিবি | Collector
সম্পর্ক পুনঃস্থাপনে বিসিসিআইকে চিঠি দিয়েছে বিসিবি
Somoy TV

সম্পর্ক পুনঃস্থাপনে বিসিসিআইকে চিঠি দিয়েছে বিসিবি

ভারতের সঙ্গে ক্রিকেট সম্পর্ক নতুন করে জোড়া লাগানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দীর্ঘ টানাপোড়েন ও সাম্প্রতিক ‘ঠান্ডা যুদ্ধ’-এর পর ভারতীয় বোর্ড বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) এর কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়ে দ্বিপাক্ষিক সিরিজ পুনরায় চালুর আগ্রহ জানিয়েছে বিসিবি। প্রতিবেদনে এমনটা উল্লেখ করেছে ভারতীয় সংবাদ মাধ্যমে, দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস।ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে নতুন সরকারের প্রেক্ষাপটে এই উদ্যোগকে সম্পর্ক পুনর্গঠনের কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এতে করে সাম্প্রতিক বিরোধ থেকে সরে এসে বাস্তবমুখী অবস্থানে ফিরতে চাইছে বিসিবি। দুই বোর্ডের সম্পর্কের অবনতি শুরু হয় চলতি বছরের শুরুতে। ভারতীয় ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানের চুক্তি বাতিল করলে পরিস্থিতি জটিল হয়ে ওঠে। কূটনৈতিক সংবেদনশীলতার কারণ দেখিয়ে নেয়া ওই সিদ্ধান্তে অসন্তোষ তৈরি হয় বাংলাদেশে। এর পরেই বিরোধ আরও তীব্র আকার নেয়। নিরাপত্তা উদ্বেগের কথা উল্লেখ করে বিসিবি প্রথমে ভারতে অনুষ্ঠিতব্য আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ দল না পাঠানোর সিদ্ধান্ত নেয় এবং ‘হাইব্রিড মডেল’ এর দাবি তোলে। কয়েক দফা আলোচনা সত্ত্বেও শেষ পর্যন্ত বাংলাদেশ টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ায় এবং তাদের জায়গায় স্কটল্যান্ড অংশ নেয়, যা আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে বড় আলোচনার জন্ম দেয়। এই প্রেক্ষাপটে বিসিবির সাম্প্রতিক চিঠি সম্পর্ক স্বাভাবিক করার ইঙ্গিত দিচ্ছে। বিশেষ করে অর্থনৈতিক ও ক্রিকেটীয় দুই দিক থেকেই দ্বিপাক্ষিক সিরিজ দু’দেশের জন্য গুরুত্বপূর্ণ। স্থগিত থাকা একটি বড় সূচি এখন আলোচনায় আসতে পারে। আগামী সেপ্টেম্বর বাংলাদেশ সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলার কথা ভারতের। তবে বিরোধের জেরে সেই সিরিজ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে বিসিসিআই। নতুন উদ্যোগের ফলে এই সিরিজ ২০২৭ সালের সূচিতে ফিরতে পারে বলে ধারণা করা হচ্ছে, যদিও ভেন্যু এখনো বিতর্কের জায়গা। আরও পড়ুন: শনিবার বিসিবির বোর্ড মিটিং, আলোচনায় থাকবে চলমান স্থবিরতা এদিকে, আগামী বছর এশিয়া কাপ আয়োজনের স্বত্বও বাংলাদেশের হাতে। ফলে আঞ্চলিক ক্রিকেট রাজনীতিতেও এই সম্পর্কের প্রভাব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। যদিও বিসিবি ইতিবাচক বার্তা দিয়েছে, বিসিসিআই এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। ভারতীয় বোর্ডের অবস্থান অনুযায়ী, দ্বিপাক্ষিক সিরিজ পুনরায় শুরু কিংবা ভেন্যু নির্ধারণ; সবকিছুই দেশটির কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে। আরও পড়ুন: বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশের মেয়েরা, পূর্ণাঙ্গ সূচি প্রকাশ এই অনিশ্চয়তার মধ্যেই বাংলাদেশ দল ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সাদা বলের সিরিজ নিয়ে প্রস্তুতি নিচ্ছে। তবে ক্রিকেটবিশ্বের দৃষ্টি এখন দুই বোর্ডের দিকে, এই ‘ঠান্ডা যুদ্ধ’ শেষে আদতে সম্পর্ক স্বাভাবিক পথে ফেরে কিনা, সেটাই দেখার অপেক্ষা।

Go to News Site