Collector
৬টার পরও খোলা মিরপুরের বিপণিবিতান, নির্দেশনা বাস্তবায়নে গড়িমসি | Collector
৬টার পরও খোলা মিরপুরের বিপণিবিতান, নির্দেশনা বাস্তবায়নে গড়িমসি
Jagonews24

৬টার পরও খোলা মিরপুরের বিপণিবিতান, নির্দেশনা বাস্তবায়নে গড়িমসি

জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সন্ধ্যা ৬টার মধ্যে বিপণিবিতান বন্ধ রাখার সরকারি নির্দেশনা থাকলেও রাজধানীর মিরপুর ১২ নম্বর এলাকায় তা বাস্তবায়নে গড়িমসি দেখা গেছে। শুক্রবার (৩ এপ্রিল) সরেজমিনে ঘুরে দেখা যায়, নির্ধারিত সময় পার হওয়ার পরও অধিকাংশ দোকানপাট খোলা রয়েছে, বন্ধ রয়েছে হাতে গোনা কয়েকটি প্রতিষ্ঠান। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে উদ্ভূত জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সম্প্রতি একগুচ্ছ কৃচ্ছসাধনমূলক পদক্ষেপ গ্রহণ করেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সরকারি-বেসরকারি অফিস সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পরিচালিত হবে এবং সন্ধ্যা ৬টার মধ্যে সব ধরনের বিপণিবিতান ও মার্কেট বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। ছবি/জাগো নিউজ তবে বাস্তব চিত্র ভিন্ন। আজ শুক্রবার (৩ এপ্রিল) মিরপুর ১২ নম্বরের রমজাননেছা সুপার মার্কেটের প্রথম ও দ্বিতীয় তলায় জুতা ও পোশাকের বেশ কয়েকটি দোকান সন্ধ্যার পরও খোলা দেখা যায়। একই মার্কেটের একটি আসবাবপত্র দোকানের ব্যবস্থাপক মিজানুর রহমান বলেন, ৬টার মধ্যে বন্ধের কোনো আনুষ্ঠানিক নির্দেশনা পাইনি। ফেসবুকে দেখেছি, কিন্তু প্রজ্ঞাপন হয়েছে কি না জানি না। দোকান মালিক সমিতির নির্দেশনা অনুযায়ী গতকাল ৮টার আগেই বন্ধ করেছি। একই মার্কেটের নিচতলার একটি মোবাইল গ্যাজেট দোকানের কর্মচারী মেহেদী হাসান বলেন, আমাদের ৬টার মধ্যে বন্ধ করতে বলা হয়েছে। তবে সবাই বন্ধ করলে আমরাও করবো। মোল্লা সুপার মার্কেট ও হাজী কুজরত আলী মার্কেটেও একই চিত্র দেখা গেছে। কুজরত আলী সুপার মার্কেটের নিচতলায় সামিরা ক্রোকারিজের মালিক আমিনুল ইসলাম বলেন, আমরা ৬টায় বন্ধ করবো। ৬টায় বন্ধের নির্দেশনা পেয়েছি। তবে ৬টার পরও দোকানটি খোলা ছিল। এছাড়া সাফুরা ট্রেড সিটি, সুলতান ম্যানশন, সুজাত ম্যানশন ও নূর মোল্লা এভিনিউ মার্কেটেও সন্ধ্যার পর ক্রেতাদের উপস্থিতি এবং দোকান খোলা রাখতে দেখা গেছে।  ছবি/জাগো নিউজ নূর মোল্লা এভিনিউ মার্কেটের নিচতলায় মাতৃভূমি ফ্যাশনের ম্যানেজার নাইম বলেন, সন্ধ্যা ৬টায় বন্ধের নির্দেশনা আছে। তবে সবাই যখন বন্ধ করবে আমরাও তখন বন্ধ করবো। তবে সন্ধ্যা সোয়া ৬টার দিকে সরেজমিনে এই মার্কেটের অধিকাংশ দোকান খোলা থাকতে দেখা গেছে। কয়েকটি দোকানে ক্রেতাও দেখা গেছে। এদিকে বাংলাদেশ দোকান মালিক ব্যবসায়ী সমিতি জানিয়েছে, জ্বালানি সাশ্রয়ে সহায়তার অংশ হিসেবে তারা রাত ৮টার মধ্যে সব দোকানপাট বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার সকালে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে সংগঠনের সভাপতি নাজমুল হাসান মাহমুদ ও সাধারণ সম্পাদক আরিফুর রহমান এ তথ্য জানান। এসএম/এমএমকে

Go to News Site