Somoy TV
ইউরোপিয়ান ফুটবলের অন্যতম প্রতীক্ষিত লড়াইয়ের আগে বড় দুশ্চিন্তায় পড়েছে বায়ার্ন মিউনিখ। দলটির প্রধান তারকা চোটের কারণে রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচে খেলতে পারবেন কিনা, তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন আন্তর্জাতিক বিরতির সময় গোড়ালিতে চোট পান। ফলে জাপানের বিপক্ষে প্রীতি ম্যাচে ১-০ গোলের হারের ম্যাচে তিনি ছিলেন না। এর আগে উরুগুয়ের বিপক্ষে ১-১ ড্র ম্যাচেও তাকে বিশ্রামে রাখা হয়েছিল। বায়ার্ন কোচ ভিনসেন্ট কোম্পানি জানিয়েছেন, শনিবারের বুন্দেসলিগা ম্যাচে কেইনকে পাওয়া যাবে না। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘রোববার পর্যন্ত কেইন ভালোভাবেই অনুশীলন করছিল। এরপর জাতীয় দলের সঙ্গে থাকাকালে তার গোড়ালিতে সমস্যা হয়। তাই ফ্রাইবুর্গের বিপক্ষে সে খেলতে পারবে না। তবে মঙ্গলবারের ম্যাচ নিয়ে আমি আশাবাদী।’ আরও পড়ুন: ‘সীমা লঙ্ঘন’ করায় স্কোয়াড থেকে আর্জেন্টাইন ফুটবলারকে বাদ দিল চেলসি এই পরিস্থিতিতে শনিবার ফ্রাইবুর্গের বিপক্ষে বায়ার্নকে খেলতে হবে তাদের সেরা স্ট্রাইকারকে ছাড়াই। তবে চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে কেইনকে বিশ্রাম দিয়ে পুরোপুরি সুস্থ করে তোলাই এখন ক্লাবটির মূল লক্ষ্য। চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মে থাকা কেইন ইতোমধ্যে ক্লাব ও দেশের হয়ে ৪৫ ম্যাচে করেছেন ৫৩ গোল। তার অনুপস্থিতি যে কোনো ম্যাচেই বড় প্রভাব ফেলতে পারে, সেটি সাম্প্রতিক আন্তর্জাতিক ম্যাচগুলোতেই স্পষ্ট হয়েছে। এদিকে, থমাস টুখেলের অধীনে ইংল্যান্ড দলও কেইনের ফিটনেস নিয়ে চিন্তায় রয়েছে, বিশেষ করে সামনে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপকে সামনে রেখে। আরও পড়ুন: নেইমারের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন আনচেলত্তি! আগামী মঙ্গলবার মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যুতে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে মুখোমুখি হবে বায়ার্ন ও রিয়াল। এরপর আট দিন পর মিউনিখে অনুষ্ঠিত হবে দ্বিতীয় লেগ। বর্তমানে বুন্দেসলিগায় বরুশিয়া ডর্টমুন্ডের চেয়ে ৯ পয়েন্ট এগিয়ে রয়েছে বায়ার্ন, তবে ইউরোপ সাফল্যের জন্য কেইনের ফিটনেসই এখন সবচেয়ে বড় প্রশ্ন।
Go to News Site