Somoy TV
একটি এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরান। এরপর ইরানের সামরিক বাহিনীর বিশেষ শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে জানায়, আরও উন্নত ও নতুন ধরনের প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে শুক্রবার (৩ এপ্রিল) ইরানের আকাশসীমায় এই যুদ্ধবিমানটি গুলি করে নামানো হয়।আইআরজিসি জানায়, ইরানের আকাশসীমায় ভূপাতিত করা এটা দ্বিতীয় এফ-৩৫ যুদ্ধবিমান। বিমানটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যাওয়ায় পাইলটের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। এ ঘটনায় পাইলটের বেঁচে থাকার সম্ভাবনা খুবই ক্ষীণ বলে জানিয়েছে এই বাহিনী। তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। এর আগে গত ১১ মার্চ আইআরজিসি সফলভাবে মধ্য ইরানের আকাশসীমায় প্রথমবারের মতো একটি এফ-৩৫ ফাইটার জেটে আঘাত করেছিল। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সম্প্রতি ইরানের এমন বেশ কয়েকটি দাবি নাকচ করে দিয়েছে। তবে গত মাসে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী স্বীকার করে, ইরানের ওপর একটি যুদ্ধ মিশন শেষে একটি এফ-৩৫ যুদ্ধবিমান জরুরি অবতরণ করেছিল এবং পাইলট তখন স্থিতিশীল অবস্থায় ছিলেন। আরও পড়ুন: মার্কিন যুদ্ধবিমানের ধ্বংসাবশেষের ছবি প্রকাশ ইরানি গণমাধ্যমে বৃহস্পতিবার সেন্টকম আরও জানায়, ইরানের দক্ষিণাঞ্চলের কেশম দ্বীপের ওপর তাদের কোনো যুদ্ধবিমান ভূপাতিত হয়নি। এফ-৩৫ যুদ্ধবিমানটি যুক্তরাষ্ট্রের কোম্পানি লকহিড মার্টিন তৈরি করেছে এবং এটি বিশ্বের অন্যতম আধুনিক যুদ্ধবিমান হিসেবে বিবেচিত। এ পর্যন্ত কোনো সশস্ত্র সংঘাতে এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। যুদ্ধবিমানের পাইলটকে খুঁজছে ইরান, পুরস্কার ঘোষণা এদিকে মার্কিন যুদ্ধবিমান এফ–৩৫ ‘ভূপাতিত’ করার পর পাইলটের খোঁজে অভিযান শুরু করেছে ইরানের সেনাবাহিনী। পাইলটের সন্ধান দিতে পুরস্কারও ঘোষণা করেছে। ইরানের সংবাদসংস্থা ফারসের বরাতে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে। আরও পড়ুন: মার্কিন বাহিনীর ‘গর্ব’ এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের প্রতিবেদনে বলা হয়, আঘাতপ্রাপ্ত মার্কিন যুদ্ধবিমানের পাইলটকে খুঁজে পেতে তল্লাশি অভিযান শুরু করেছে ইরানের সামরিক বাহিনী। স্থানীয় একটি টেলিভিশন চ্যানেল ‘ভূপাতিত’ মার্কিন বিমানের ধ্বংসাবশেষ দাবি করে একটি ভিডিও প্রচার করেছে। পুলিশের এক বিবৃতির বরাতে ওই চ্যানেলটি জানায়, ইরানের মধ্যাঞ্চলের কোহগিলুয়েহ ও বয়ের-আহমদ প্রদেশে বিধ্বস্ত হতে পারে বিমানটি। এছাড়া ওই ভিডিওতে স্থানীয় বাসিন্দাদের পাইলটকে খুঁজে পেতে সহায়তার আহ্বান জানানো হয় এবং আটক করতে পারলে পুরস্কার দেয়ার ঘোষণা দেয়া হয়। পুলিশের বিবৃতির বরাতে এসব তথ্য জানায় চ্যানেলটি।
Go to News Site