Jagonews24
ধানমন্ডির সীমান্ত সম্ভার—শুক্রবার সাধারণ এক সন্ধ্যা, কিন্তু মুহূর্তেই যেন বদলে গেল আবহ। আলো নিভে গেলে যেমন সিনেমার পর্দায় গল্প শুরু হয়, তেমনই বাস্তবেও যেন চোখ ধরা দিলো অন্য এক দৃশ্য। প্রেক্ষাগৃহে তখন চলছে ‘প্রজেক্ট হেইল মেরি’ সিনেমা, আর দর্শকদের ভিড়ের মাঝেই নীরবে বসে আছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, পাশে কন্যা জাইমা রহমান। কোনো পূর্বঘোষণা নেই, নেই কড়া নিরাপত্তার দৃশ্যমান বলয়—এদিন সীমান্ত সম্ভার সিনেমা হলে প্রধানমন্ত্রীর এই হঠাৎ উপস্থিতিই যেন তৈরি করলো অন্যরকম এক অনুভূতি। যেন ক্ষমতার দূরত্ব মুছে গিয়ে এক মুহূর্তে তিনি হয়ে উঠলেন সাধারণ দর্শকদেরই একজন। মার্কেটের এক স্টাফের ভাষায়, সাধারণত রাষ্ট্রের পদস্থ কেউ এই মার্কেটে এলে নিরাপত্তা প্রটোকল অন্যভাবে সাজানো হয়। কিন্তু এবার সেভাবে সাজানো হয়নি। কাজ করতে করতেই প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেখেছি—ভালো লাগছে। একজন যুবক দর্শকের অনুভূতি, প্রধানমন্ত্রী তারেক রহমান মেয়েকে নিয়ে সিনেমা হলে আসছেন—এটা একেবারেই অন্যরকম ব্যাপার। আমার অনুভূতি ভাষায় বোঝাতে পারবো না। একজন নারী দর্শক বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বসে আমরা একসঙ্গে সিনেমা দেখেছি—এটা অনেক ভালো লাগছে।’ মায়ের সঙ্গে সিনেমা দেখতে আসা এক শিশুর চোখে বিস্ময়—প্রধানমন্ত্রী ও তার মেয়েকে কাছ থেকে দেখতে পেরে তারও ভালো লেগেছে। আরেকজন দর্শক এই উপস্থিতিকে দেখছেন বড় বার্তা হিসেবে—প্রধানমন্ত্রীর সিনেমা হলে আসা মানে সিনেমা কলাকুশলী ও সংশ্লিষ্টদের প্রতি উৎসাহমূলক বার্তা যায়। তিনি মেয়েকে নিয়ে সিনেমা দেখতে এসেছেন—এটা খুবই ইতিবাচক দিক। তিনি সাধারণ মানুষের কাতারে মিশতে চাইছেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী কন্যাকে নিয়ে সিনেমা দেখতে এসেছিলেন। তার ভাষায়, এটি ছিল ছুটির দিনের বিনোদনের অংশ—সন্ধ্যা ৭টা ১০ মিনিটে শুরু হওয়া শো শেষ হয় রাত ১০টা ১০ মিনিটে। সিনেমা শেষে হল থেকে বের হওয়ার সময়ও সেই স্বাভাবিকতার ছাপ স্পষ্ট। কেউ কখন বলছিলেন—‘মাননীয় প্রধানমন্ত্রী, ঈদ মোবারক—কেমন দেখলেন সিনেমা?’ কেউবা ডাকছেন, ‘ভাইয়া, কেমন হয়েছে সিনেমা?” জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান কখনো হাত নেড়ে, কখনো করমর্দনে—সবাইকে শুভেচ্ছা জানিয়ে এগিয়ে যান। সেই মুহূর্তে সীমান্ত সম্ভার আর শুধু একটি সিনেমা হল নয়—বরং হয়ে ওঠে এক সন্ধ্যার স্মৃতিবন্দি গল্প, যেখানে ক্ষমতা আর সাধারণত্ব একই সারিতে বসে একসঙ্গে সিনেমা দেখেছে। কেএইচ/এমকেআর
Go to News Site