Somoy TV
ঝিনাইদহ শহরের বাইপাস এলাকায় আইসক্রিম কিনে ছোট ভাইকে নিয়ে বাড়ি ফেরার পথে প্রাইভেটকারের ধাক্কায় আরিফুল ইসলাম (৭) নামের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় তার ছোট ভাই আবিদুল ইসলাম (৬) গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যা সাতটার দিকে শহরের বাইপাস রোড সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আরিফুল ও আহত আবিদুল ঝিনাইদহ পৌরসভার ভুটিয়ারগাতি গ্রামের আমিরুল মুন্সির ছেলে। আরিফুল স্থানীয় একটি বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, সন্ধ্যায় ছোট ভাই আবিদুলকে সঙ্গে নিয়ে মহাসড়ক পার হয়ে আইসক্রিম কিনতে গিয়েছিল আরিফুল। কেনাকাটা শেষে ফেরার পথে দ্রুতগতির একটি প্রাইভেটকার তাদের দুজনকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ঝিনাইদহ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরিফুলকে মৃত ঘোষণা করেন।আহত আবিদুল ইসলাম বর্তমানে ওই হাসপাতালেই চিকিৎসাধীন। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক উমা ইসলাম জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই শিশু আরিফুলের মৃত্যু হয়েছে। আহত শিশুটির পা ভেঙে গেছে এবং মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তার চিকিৎসা চলছে।আরও পড়ুন: সিরাজগঞ্জে রোড ডিভাইডারের সঙ্গে বাসের ধাক্কা, নিহত ৩ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামসুল আরেফিন বলেন, নিহত শিশুর পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।পরিবার সূত্রে জানা গেছে, গতকাল রাতেই পারিবারিক কবরস্থানে শিশুটির মরদেহ দাফনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। দুই ভাইয়ের এমন দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Go to News Site