Jagonews24
চট্টগ্রামের মিরসরাইয়ে ২৫০ লিটার ডিজেল মজুত রেখে অতিরিক্ত দামে বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের ৩০০ ফিট রাস্তার মাথায় অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের। এ ঘটনায় অভিযুক্ত ব্যবসায়ীর নাম মোহাম্মদ শাহ জালাল। অভিযানে সহযোগিতা করেন জোরারগঞ্জ থানা পুলিশ। মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের বলেন, জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের ৩০০ ফিট রাস্তার মাথায় মোহাম্মদ শাহ জালাল দোকানের ভেতরে দুটি ড্রাম ও কিছু খুচরা বোতলে প্রায় ২৫০ লিটার ডিজেল মজুত এবং বিক্রির অভিযোগে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৯ ও ৪৫ ধারায় ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি আরও বলেন, মজুত করা ডিজেল অতিরিক্ত দামে বিক্রি করা হচ্ছিল বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন মোহাম্মদ শাহ জালাল। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এম মাঈন উদ্দিন/এমকেআর
Go to News Site