Somoy TV
ফেনী সদরে চাঁদা দাবিকে কেন্দ্র করে নিজ দলের নেতাকর্মীদের বিরুদ্ধে সাবেক ছাত্রদল নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে।শুক্রবার (৩ এপ্রিল) রাত ৮টার দিকে সদর উপজেলার শর্শদী ইউনিয়নের উত্তর ফতেহপুর এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী সাইফুদ্দিন শিবলু শর্শদী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি এবং ফেনী আলীয়া মাদ্রাসার ছাত্রদের আহ্বায়ক। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, স্থানীয় একটি ইটভাটায় মাটি পরিবহনকে কেন্দ্র করে তাদের কাছে চাঁদা দাবি করা হয়। এতে বাধা দিলে পূর্বপরিকল্পিতভাবে তাদের ওপর হামলা চালানো হয়। শুক্রবার সকাল থেকে দফায় দফায় হামলার পর সন্ধ্যায় পেট্রোল ঢেলে বসতঘর ও পাকাঘরে আগুন ধরিয়ে দেয়া হয়। অভিযোগে যাদের নাম উঠে এসেছে তারা হলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সমবায় বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন আরফান, উপজেলা কৃষক দলের সদস্য সচিব মীর মোশাররফ হোসেন রিয়াদ, যুবদল নেতা মানিক অপু এবং তাদের অনুসারীরা। সংঘবদ্ধভাবে তারা এই হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। আরও পড়ুন: চাঁদাবাজির প্রতিবাদ করায় রূপগঞ্জে বিএনপি কার্যালয়ে হামলা, আহত ৫ খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছালেও ততক্ষণে আগুনে ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হয়। ফেনী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহাদাত হোসেন জানান, একটি ঘর সম্পূর্ণ পুড়ে গেছে এবং পাশের ঘরের বেশিরভাগ অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তদন্ত সাপেক্ষে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে। এ বিষয়ে ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট নুরুল ইসলাম বলেন, ‘অপরাধী যে দলেরই হোক, কোনো ছাড় দেয়া হবে না।’ অন্যদিকে, ফেনী সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার নিশাত তাবাচ্ছুম বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’ ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগী পরিবার দ্রুত দোষীদের গ্রেফতার ও বিচার দাবি করেছে। পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর হস্তক্ষেপ ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছেন।
Go to News Site