Somoy TV
মাদকের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে জানিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, যারা মাদক নিয়ে গ্রেফতার হবে, তাদের ব্যাপারে কারও কোনো সুপারিশ চলবে না।শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যায় টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের আলিশাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শহীদ রফিকুল ইসলাম ফারুক চেয়ারম্যান স্মৃতি ফুটবল ফাইনাল খেলা উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘খেলাধুলা শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের এক্সট্রা কারিকুলার কার্যক্রমে সম্পৃক্ত করা উচিত। খেলাধুলা করলে মনও ভালো থাকে।’ তিনি বলেন, ‘যুবসমাজ ইদানীং বিভিন্ন অন্যায়ের দিকে ধাবিত হচ্ছে। যুবসমাজকে অন্যায়ের বাইরে রাখার জন্য কাজ করতে হবে। যারা দেশের ভবিষ্যৎ গড়বে, তারা যদি মাদকের কারণে ধ্বংস হয়ে যায়, তাহলে দেশ পিছিয়ে যাবে। কিন্তু যুবসমাজ সঠিকভাবে পরিচালিত হলে দেশ অনেক এগিয়ে যাবে।’ আরও পড়ুন: মাদকে সম্পৃক্ত থাকলে কাউকে ছাড় দেয়া হবে না: প্রতিমন্ত্রী টুকু প্রতিমন্ত্রী বলেন, ‘নির্বাচনের আগে আমি বলেছিলাম, এই টাঙ্গাইলে মাদক থাকবে না, আমরা মাদক নির্মূল করব ইনশাআল্লাহ। কিশোর গ্যাংমুক্ত সমাজ গড়া হবে। কোমলমতি কিশোররা আগামীতে সুন্দর জীবন গঠন করবে। বাবা-মা তাদের সন্তানের জন্য অনেক প্রত্যাশা রাখেন; সন্তান যদি মাদকের কারণে শেষ হয়ে যায়, তার চেয়ে দুঃখের কিছু নেই। কাজেই যারা মাদকের সঙ্গে যুক্ত, তারা দয়া করে সরে দাঁড়ান।’ বিএনপির এই কেন্দ্রীয় প্রচার সম্পাদক আরও বলেন, ‘টাঙ্গাইলকে আমি সুন্দরভাবে গড়ে তুলতে চাই। যোগ্যতা অনুযায়ী সকলের কর্মসংস্থানে সর্বোচ্চ সহযোগিতা করব ইনশাআল্লাহ।’ দাইন্যা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. লাবলু মিয়া লাভুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক, সদর থানা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আজিম উদ্দিন বিপ্লবসহ অন্যান্য নেতাকর্মীরা।
Go to News Site