Jagonews24
মেহেরপুরের গাংনীতে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ডিজেল বিক্রি করার অভিযোগে এক ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তার গুদাম থেকে জব্দ করা প্রায় ২ হাজার লিটার ডিজেল উপস্থিত কৃষকদের মাঝে সরকারি মূল্যে তাৎক্ষণিকভাবে বিক্রি করে দেওয়া হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে গাংনী বাজারে এ অভিযান চালান উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যা থেকে গাংনী শহরের কুষ্টিয়া সড়কের বজলু ট্রেডার্স প্রতি লিটার ডিজেল ১২০ থেকে ১২৫ টাকা দরে বিক্রি করা হচ্ছিল। বজলু মিয়া বিপিসির এজেন্ট হিসেবে তেল বিক্রি করেন। তবে সরকারি মূল্যের চেয়ে বেশি ধরে বিক্রি করায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী বজলু মিয়াকে দোষী সাব্যস্ত করা হয়। তবে বজলু মিয়ার দাবি, তিনি মেহেরপুরের জাকির ট্রেডার্স থেকে ১১৫ টাকা লিটার দরে ডিজেল কিনেছিলেন। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেন জানান, প্রতি লিটার ডিজেলের সরকারি দর ১০১ টাকা। এই দরে উপস্থিত কৃষকদের মাঝে ২০০০ লিটার তেল বিক্রি করে দেওয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড করলে আইনের কঠোর প্রয়োগ করা হবে বলে তাকে হুঁশিয়ার করা হয়েছে। আসিফ ইকবাল/কেএইচকে/এএসএম
Go to News Site