Somoy TV
জ্বালানি সাশ্রয়ে সরকার সন্ধ্যা ৬টায় মার্কেট-দোকানপাট বন্ধের সিদ্ধান্তের কথা জানালেও প্রথম দিন তা মানা হয়নি রাজধানীতে। নিউমার্কেটসহ গুরুত্বপূর্ণ মার্কেটগুলোতে মালিক সমিতি থেকে নির্দেশনা না পাওয়ার কথা জানিয়েছেন ব্যবসায়ীরা।বৃহস্পতিবার (২ এপ্রিল) মন্ত্রিপরিষদের বৈঠকে জ্বালানি সাশ্রয়ে সন্ধ্যা ৬টায় শপিংমল, দোকানপাট বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়। তবে, শুক্রবার সন্ধ্যার পর রাজধানীর বিভিন্ন মার্কেট ঘুরে দেখা গেছে মানা হয়নি সরকারি সিদ্ধান্ত।সন্ধ্যা ৭টায় নিউমার্কেট এলাকায় গিয়ে দেখা যায়, খোলা রয়েছে সব দোকানপাট। ক্রেতা সমাগমে চলছে জমজমাট বেচাকেনা।সন্ধ্যা সোয়া সাতটার দিকে নিউমার্কেটে আসা একজন ক্রেতা বলেন, দোকান খোলা আছে। সবাই কেনাকাটা করছে। কোনো সমস্যা তো হচ্ছে না। কেউ তো বাধা দিচ্ছে না।আরেক ক্রেতা বলেন, কেনাকাটা তো চলছে। তবে সরকার যেহেতু সিদ্ধান্ত নিয়েছে নিশ্চয়ই হিসেব করেই নিয়েছে। নতুন সরকার। তাদের সিদ্ধান্ত মানা উচিৎ।ব্যবসায়ীরা বলছেন, সরকার কোনো সিদ্ধান্ত নিলে মানতে বাধ্য তারা। তবে, মালিক সমিতির কোনো নির্দেশনা পাননি তারা। সামনে পহেলা বৈশাখ বিবেচনায় মার্কেট বন্ধের সময় রাত ৮টা করার দাবি জানান অনেক ব্যবসায়ী।সকাল ৯টার পরিবর্তে বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত দোকান খোলা রাখতে সিদ্ধান্ত পুনর্বিবেচনায় প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। আরও পড়ুন: শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট-শপিংমল বন্ধ নিউমার্কেটের এক স্বর্ণালঙ্কারের দোকানি বলেন, আসলে সন্ধ্যা ছয়টার পরই আমাদের ক্রেতা সমাগম বেশি হয়। ফলে দোকান ৮টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত দিলে আমাদের জন্য ভালো হয়।সরকারের সিদ্ধান্তকে সমর্থন জানালেও মার্কেট রাত ৮টা পর্যন্ত খোলার রাখার পক্ষেই যুক্তি দিচ্ছে নিউমার্কেট দোকান মালিক সমিতি। তবে, প্রথম দিন না হলেও শনিবার থেকে সন্ধ্যা ৬টার মধ্যে দোকান বন্ধের পদক্ষেপ নেয়া হবে বলেও জানানো হয়েছে।ঢাকা নিউমার্কেট মালিক সমিতির আহ্বায়ক এম ডি মকবুল সরদার বলেন, যদি এই সময়টা রাত ৮টা পর্যন্ত করা হয় তাহলে আমরা কিছুটা ব্যবসা করতে পারবো। নাহলে আমাদের অপূরণীয় ক্ষতি হবে। শনিবার থেকে সবাইকে স্পষ্ট মেসেজ দিয়ে দেয়া হবে যাতে দোকান সন্ধ্যায় ছয়টাতেই বন্ধ করে দেয়।তবে, রাত ৮টার দিকে দোকান বন্ধে মাইকিং করতে দেখা গেছে মালিক সমিতিকে।
Go to News Site