Collector
শিশুদের পানিতে চুবিয়ে হত্যাচেষ্টার ভিডিও ভাইরাল, অভিযুক্ত গ্রেফতার | Collector
শিশুদের পানিতে চুবিয়ে হত্যাচেষ্টার ভিডিও ভাইরাল, অভিযুক্ত গ্রেফতার
Somoy TV

শিশুদের পানিতে চুবিয়ে হত্যাচেষ্টার ভিডিও ভাইরাল, অভিযুক্ত গ্রেফতার

ময়মনসিংহের ত্রিশালে মোবাইল চুরির অপবাদ দিয়ে দুই শিশুকে অমানবিক নির্যাতনের ঘটনায় প্রধান অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে নির্যাতনের একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর পুলিশের অভিযানে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতার হওয়া ওই ব্যক্তির নাম আব্দুল্লাহ আল মাসুম (২৮)। শুক্রবার (৩ এপ্রিল) রাত ২টার দিকে গাজীপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে গত ২৭ মার্চ সকাল সাড়ে ৯টার দিকে ত্রিশাল উপজেলার ধলা মধ্যপাড়া এলাকায় ওই নির্যাতনের ঘটনা ঘটে। নির্যাতনের শিকার দুই শিশু হলো: আরাফাত হোসেন (৮) ও মিহাদ হোসেন (৫)। তারা ওই এলাকার বাসিন্দা মাহাবুল আলম ওরফে বুলবুল ইসলামের সন্তান। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মোবাইল চুরির সন্দেহে অভিযুক্তরা শিশু দুটিকে তাদের বাড়ি থেকে জোরপূর্বক ধরে এনে একটি পুকুরপাড়ে নিয়ে যায়। সেখানে তাদের মারধর করা হয় এবং পানিতে ডুবিয়ে হত্যার চেষ্টা করা হয়। একপর্যায়ে শিশুদের জোর করে ময়লাযুক্ত পানি পান করানো হয়। আরও পড়ুন: ঘরের বেড়া মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জনমনে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। পরে বিষয়টি পুলিশের নজরে এলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে অভিযান চালিয়ে মাসুমকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী শিশুদের বাবা বাদী হয়ে মাসুমসহ ৫ জনকে আসামি করে ত্রিশাল থানায় একটি মামলা দায়ের করেছেন। এ বিষয়ে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন বলেন, ‘দুই শিশুকে নির্যাতনের ঘটনায় প্রধান অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য অভিযুক্তদের গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।’

Go to News Site