Somoy TV
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালটিতে হামের উপসর্গে মোট ৩৮ জন শিশুর প্রাণহানি ঘটল।শনিবার (৪ এপ্রিল) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার দুপুর থেকে শনিবার দুপুর ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ওই তিন শিশুর মৃত্যু হয়। ডা. শংকর বিশ্বাস আরও জানান, শনিবার দুপুর পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হাসপাতালটিতে নতুন করে ২৫ জন রোগী ভর্তি হয়েছে। এদিন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিল ১৪৯ জন শিশু। এছাড়া চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে তিন শিশু। গত ফেব্রুয়ারি মাস থেকে এ পর্যন্ত রামেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ৩৭৭ জন রোগী ভর্তি হয়েছে। আরও পড়ুন: রাজশাহীতে হামের উপসর্গ নিয়ে আরেক শিশুর মৃত্যু, হাসপাতালে ৩৪০ এর আগে, শনিবার বেলা ১১টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগ ও নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) পরিদর্শন করেন সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন এবং জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। এ সময় তারা হামের উপসর্গে আক্রান্ত শিশুদের চিকিৎসার খোঁজখবর নেন। পরিদর্শন শেষে সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, ‘হামের রোগীদের সুচিকিৎসা ও আইসিইউ বেড বাড়ানোর ব্যাপারে সরকার বদ্ধপরিকর। এ ব্যাপারে সিটি কর্পোরেশনও নানাভাবে সহযোগিতা করছে।’ তিনি আরও জানান, রাজশাহী সিটি কর্পোরেশনের ৩০টি ওয়ার্ডে নিয়মিত টিকা কার্যক্রম চলছে। রোববারের ক্যাম্পেইনের জন্য ৬৪টি স্থানে ৮ হাজার ডোজ টিকা মজুত রয়েছে। সরকারের নির্দেশনা মোতাবেক সেগুলো প্রদান করা হবে।
Go to News Site