Collector
ময়মনসিংহ মেডিকেলে হামের লক্ষণ নিয়ে আরও ২৪ শিশু ভর্তি | Collector
ময়মনসিংহ মেডিকেলে হামের লক্ষণ নিয়ে আরও ২৪ শিশু ভর্তি
Jagonews24

ময়মনসিংহ মেডিকেলে হামের লক্ষণ নিয়ে আরও ২৪ শিশু ভর্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে হামের লক্ষণ নিয়ে শিশু ভর্তি বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৪ শিশু হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়েছে। এ নিয়ে সেখানে চিকিৎসাধীন রয়েছে মোট ৬৭টি শিশু। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, শুক্রবার (৩ এপ্রিল) গত ১৭ মার্চ থেকে শনিবার (৪ এপ্রিল) সকাল পর্যন্ত হামের লক্ষণ নিয়ে মোট ২০৫ শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ১৩২ শিশু এবং ৬ শিশুর মৃত্যু হয়েছে। বর্তমানে চিকিৎসাধীন ৬৭ শিশু। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে আরও ২৩ শিশু। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম মেডিকেল দলের ফোকালপারসন সহযোগী অধ্যাপক মোহা. গোলাম মাওলা বলেন, হামের উপসর্গ নিয়ে এলে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় জনস্বাস্থ্য ইনস্টিটিউটে পাঠানো হয়। প্রতিদিনের সংগ্রহ করা নমুনা প্রতিদিনই পাঠানো হয়। ঢাকা থেকে ফলাফল পাওয়া যায় ৪৮ ঘণ্টার মধ্যে। সর্বনিম্ন ৩ মাস থেকে ১০ বছরের রোগী হাসপাতালে ভর্তি আছে। তবে হাসপাতালে ৬ মাস থেকে ১ বছরের শিশুর সংখ্যা বেশি। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, ফেব্রুয়ারি থেকে একজন বা দুজন করে হামের লক্ষণ নিয়ে হাসপাতালের শিশু বিভাগে ভর্তি হতে শুরু করে। তবে মার্চের মাঝামাঝি থেকে রোগীর সংখ্যা বাড়তে থাকে। তিনটি মেডিকেল টিম গঠন করে হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। কামরুজ্জামান মিন্টু/এনএইচআর/এমএস

Go to News Site