Collector
সাভারে নিখোঁজের ১৫ দিনেও খোঁজ মেলেনি স্কুলছাত্র সিয়ামের | Collector
সাভারে নিখোঁজের ১৫ দিনেও খোঁজ মেলেনি স্কুলছাত্র সিয়ামের
Somoy TV

সাভারে নিখোঁজের ১৫ দিনেও খোঁজ মেলেনি স্কুলছাত্র সিয়ামের

সাভারে মায়ের সঙ্গে অভিমান করে বাড়ি থেকে বের হওয়ার পর ১৫ দিন পেরিয়ে গেলেও খোঁজ মেলেনি তৃতীয় শ্রেণির শিক্ষার্থী সিয়াম প্রামাণিকের (১০)। একমাত্র সন্তানকে হারিয়ে চরম দুশ্চিন্তায় দিন পার করছেন তার মা-বাবা।শনিবার (২১ মার্চ) দুপুরে সাভারের হেমায়েতপুরের ভারারিয়া বটতলা এলাকার ভাড়া বাসা থেকে বেরিয়ে যায় সে। এরপর আত্মীয়স্বজনসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি পরিবার। নিখোঁজের পর সম্ভাব্য সব জায়গায় খুঁজেও সন্ধান না পেয়ে প্রথমে হেমায়েতপুরের হরিণধরা ট্যানারি পুলিশ ফাঁড়িতে যোগাযোগ করেন সিয়ামের বাবা ফরহাদ প্রামাণিক। ফাঁড়ির পরামর্শে বুধবার (২৫ মার্চ) সন্ধ্যায় সাভার মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি। জিডিতে উল্লেখ করা হয়, নিখোঁজ হওয়ার সময় সিয়ামের পরনে টি-শার্ট ও ফুলপ্যান্ট ছিল। মাঝারি গড়নের সিয়ামের গায়ের রং শ্যামলা। সে স্থানীয় এম এস স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র। সাভার মডেল থানার ডিউটি অফিসার শেফালী আক্তার জিডিটি গ্রহণ করেন। এরপর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী বিষয়টি হরিণধরা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আমির হোসেনকে তদন্তের দায়িত্ব দেন। আরও পড়ুন: তুলশীগঙ্গা নদীতে পড়ে মাদ্রাসাশিক্ষার্থী নিখোঁজ এ বিষয়ে এসআই আমির হোসেন সময় সংবাদকে জানান, সিয়ামের বাবার দেওয়া তথ্য অনুযায়ী দেশের প্রতিটি থানায় বার্তা পাঠানো হয়েছে। তাকে খুঁজে বের করতে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে এখনো কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। মায়ের সঙ্গে রাগ করে সে বাসা থেকে বের হওয়ায় কাউকে সন্দেহ করছে না পরিবার। সিয়ামের বাবা ফরহাদ প্রামাণিক জানান, জীবিকার প্রয়োজনে সাভারে কয়েক বছর ধরে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন তারা। ছেলেকে হারিয়ে তারা পাগলপ্রায়। সিয়ামের মা খাওয়া-দাওয়া ছেড়ে দিয়েছেন। তিনি বলেন, ‘আমার আর্থিক অবস্থা খুব একটা ভালো নয়, শারীরিকভাবেও অসুস্থ। তাই আল্লাহ পাকের ওপর ভরসা করা ছাড়া আর কোনো উপায় দেখছি না।’

Go to News Site