Somoy TV
পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন বিসিবি ডিসিপ্লিনারি কমিটির প্রধান ও সিসিডিএম সহ-সভাপতি ফায়াজুর রহমান মিতু। ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ পত্র জমা দিয়েছেন ফায়াজুর। আজ (৪ এপ্রিল) বিসিবির সভায় উপস্থিত হয়ে পদত্যাগপত্র জমা দেন তিনি।সর্বশেষ বিসিবি নির্বাচনে ঢাকার ক্লাব ক্যাটাগরি থেকে পরিচালক নির্বাচিত হয়েছিলেন ফায়াজুর। আজ (৪ এপ্রিল) দুপুর দুইটায় শুরু হওয়া বিসিবির চতুর্থ কার্যনির্বাহী সভা এখন পর্যন্ত চলমান। অন্য পরিচালকদের মতো সভায় উপস্থিত ছিলেন ফায়াজুরও। তবে সভা শেষের আগেই পদত্যাগপত্র জমা দিয়ে বেরিয়ে আসেন ফায়াজুর।এ নিয়ে বিসিবির বর্তমান কার্যনির্বাহী কমিটির ৪ জন পরিচালক পদত্যাগ করলেন। ফায়াজুর ছাড়া বাকি ৩ জন হলেন- ইশতিয়াক সাদেক, ইয়াসিন ফয়সাল ও আমজাদ হোসেন। ইয়াসির ফয়সাল সর্বশেষ বিসিবি নির্বাচনে এনএসসি থেকে মনোনীত হয়ে লজিস্টিকস অ্যান্ড প্রটোকল কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এছাড়া ইশতিয়াক গেম ডেভোলপমেন্ট আর আমজাদ মিডিয়া কমিটির চেয়ারম্যান ছিলেন।আরও পড়ুন: বাঁহাতি পেসারদের মধ্যে মোস্তাফিজের উইকেটই এখন সর্বোচ্চইশতিয়াক এবং আমজাদের বদলি হিসেবে গেম ডেভলপমেন্ট এবং মিডিয়া কমিটিতে দুজনকে দায়িত্ব দেয়া হলেও পরিচালক পদ থেকে তাদের পদত্যাগপত্র এখনও সাংগঠনিকভাবে গ্রহণ করা হয়নি বলে সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন বিসিবি সভাপতি।এদিকে, দায়িত্ব গ্রহণের পর থেকেই চরম বিরোধিতার মধ্য দিয়ে যাচ্ছে বিসিবির বর্তমান কমিটি। অনিয়মের অভিযোগ এনে নির্বাচনের পরপরই বিসিবিকে বয়কট করেছিলেন অনেক ক্লাব কাউন্সিলররা। প্রথম বিভাগ লিগেও অংশ নেয়নি ৮টি দল। একই কারণে এবার ঢাকা প্রিমিয়ার লিগ নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা। তার ওপর আবার বিদ্রোহী কাউন্সিলরদের দেয়া চিঠির ভিত্তিতে বিসিবির সর্বশেষ নির্বাচনে অনিয়ম নিয়ে তদন্ত করছে এনএসসি। সবমিলিয়ে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে বিসিবি৷ এবার একের পর এক পরিচালকের পদত্যাগ সেই পরিস্থিতি আরও জটিল করে তুলেছে।
Go to News Site