Jagonews24
জাতীয় সংসদ সচিবালয় আইন, ১৯৯৪-এর ধারা ৭ অনুযায়ী ‘সংসদ সচিবালয় কমিশন’ গঠন করা হয়েছে। এতে চেয়ারম্যান হিসেবে মনোনীত হয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম। শনিবার (৪ এপ্রিল) রাষ্ট্রপতির আদেশক্রমে সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়। পাঁচ সদস্যবিশিষ্ট এ কমিশনে পদাধিকারবলে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে। সদস্যরা হলেন— প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধীদলীয় নেতা মো. শফিকুর রহমান, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান এবং অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সরকারি মুদ্রণালয় (বিজি প্রেস) থেকে প্রকাশিত গেজেটে জানানো হয়, গত ২ এপ্রিল থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে। সংসদ সচিবালয় আইন অনুযায়ী, এ কমিশন সংসদের প্রশাসনিক ও নীতিনির্ধারণী সিদ্ধান্ত নিতে কাজ করবে। এ ছাড়া সংসদ সচিবালয়ের সার্বিক কার্যক্রম পরিচালনা, জনবল ব্যবস্থাপনা এবং প্রশাসনিক কাঠামো তদারকির দায়িত্ব পালন করবে এ উচ্চপর্যায়ের কমিশন। এমওএস/এমএএইচ/
Go to News Site