Somoy TV
সিলেট বিভাগে বছরের প্রথম দুই মাসের তুলনায় মার্চ মাসে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি বেড়েছে। গত মার্চ মাসে সিলেট বিভাগের চার জেলায় ২৯টি সড়ক দুর্ঘটনায় ৩২ জন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরও ৪৪ জন। এর মধ্যে কেবল ঈদযাত্রাতেই প্রাণ হারিয়েছেন ১০ জন।শনিবার (৪ এপ্রিল) নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটির পক্ষ থেকে পাঠানো এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম তিন মাসে (জানুয়ারি-মার্চ) সিলেট বিভাগে মোট ৮০টি সড়ক দুর্ঘটনায় ৮৩ জন নিহত ও ১২৭ জন আহত হয়েছেন। নিহতের পরিসংখ্যানে দেখা গেছে, সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন মোটরসাইকেল চালক ও আরোহীরা। তিন মাসে ২৬টি মোটরসাইকেল দুর্ঘটনায় ২৬ জন প্রাণ হারিয়েছেন। এ ছাড়া সিএনজিচালিত অটোরিকশা ও লেগুনা দুর্ঘটনায় ২০ জন এবং পথচারী নিহতের সংখ্যা ২১।নিসচা জানায়, মার্চ মাসে সিলেট জেলায় সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে। এই জেলায় ১০টি দুর্ঘটনায় ১০ জন নিহত হয়েছেন। মৌলভীবাজারে ৭টি দুর্ঘটনায় ৯ জন, হবিগঞ্জে ৬টি দুর্ঘটনায় ৮ জন এবং সুনামগঞ্জে ৬টি দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছেন। ফেব্রুয়ারি মাসে এই বিভাগে ২৬টি দুর্ঘটনায় ২৬ জন নিহত হয়েছিলেন, যা মার্চের তুলনায় কিছুটা কম।আরও পড়ুন: রাজধানীতে গ্যাস লাইটার কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ৫পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, মার্চ মাসে নিহত ৩২ জনের মধ্যে ১১ জনই ছিলেন মোটরসাইকেল আরোহী। এ ছাড়া ৬ জন সিএনজি ও টমটম আরোহী এবং ৭ জন পথচারী রয়েছেন। নিহতদের মধ্যে পুরুষ ২২ জন, নারী ৫ জন এবং শিশু ৫ জন। দুর্ঘটনার ধরন হিসেবে দেখা গেছে, নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে সবচেয়ে বেশি (১২ জন) প্রাণহানি ঘটেছে। মুখোমুখি সংঘর্ষে মারা গেছেন ৬ জন।নিসচা কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট বিভাগীয় কমিটির সদস্য সচিব জহিরুল ইসলাম মিশু স্বাক্ষরিত এই প্রতিবেদনে বলা হয়, স্থানীয় ও জাতীয় দৈনিক, অনলাইন নিউজ পোর্টাল এবং নিসচা’র শাখা সংগঠনগুলোর তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে।
Go to News Site