Collector
১৭তম দলের কাছে হেরে লিগে শিরোপার দৌড়ে পিছিয়ে পড়লো রিয়াল | Collector
১৭তম দলের কাছে হেরে লিগে শিরোপার দৌড়ে পিছিয়ে পড়লো রিয়াল
Jagonews24

১৭তম দলের কাছে হেরে লিগে শিরোপার দৌড়ে পিছিয়ে পড়লো রিয়াল

লিগের শেষ মুহূর্তে এসে পয়েন্ট হারানো মানেই শিরোপা হারানো। গুরুত্বপূর্ণ সময়ে এসে সে কাজটাই করলো রিয়াল মাদ্রিদ। মায়োরকার মাঠে গিয়ে ২-১ গোলে হেরে এলো তারা। এই পরাজয়ে বার্সেলোনার সঙ্গে ৭ পয়েন্টের ব্যবধান তৈরির সুযোগ সৃষ্টি হলো। আপাতত এ হারে ৩০ ম্যাচে রিয়ালের পয়েন্ট ৬৯। এক ম্যাচ কম খেলে বার্সার পয়েন্ট ৭৩। অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে জিতে গেলে, এই ব্যবধান দাঁড়াবে ৭ পয়েন্টে। মূলত রিয়াদ মাদ্রিদকে চমকে দিয়েছে অবনমনসংকটে থাকা মায়োরকা। ম্যাচ ড্র হতেই যাচ্ছিল; কিন্তু সন মোইক্স স্টেডিয়ামে শেষ মুহূর্তের নাটকীয় জয়ে তুলে নিল গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট। ম্যাচের শুরু থেকেই বল দখল ও আক্রমণে এগিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। বিশেষ করে কিলিয়ান এমবাপে ছিলেন মায়োরকার সবচেয়ে বড় হুমকি। একের পর এক আক্রমণ সাজিয়েও গোলের দেখা পায়নি লস ব্লাঙ্কোসরা। এর পেছনে বড় ভূমিকা রাখেন মায়োর্কার গোলরক্ষক লিও রোমান, যিনি একাধিক দারুণ সেভ করে দলকে ম্যাচে ধরে রাখেন। ম্যাচের ৪২তম মিনিটে খেলার গতির বিপরীতে এগিয়ে যায় মায়োর্কা। মানু মরলানেস পাবে্লা মাফেওর ক্রস থেকে বল পেয়ে নিচু শটে গোল করে স্বাগতিকদের লিড এনে দেন। প্রথমার্ধ শেষ হয় ১-০ ব্যবধানে। দ্বিতীয়ার্ধে রিয়াল আরও আক্রমণাত্মক হয়ে ওঠে। বারবার সুযোগ তৈরি করলেও গোল করতে ব্যর্থ হন এমবাপে ও তার সতীর্থরা। ম্যাচের ৬০ মিনিটের পর কোচ আলভারো আরবেলোয়া মাঠে নামান ভিনিসিয়ুস জুনিযর ও জুদ বেলিংহ্যামকে, যা আক্রমণে গতি বাড়ায়। অবশেষে ৮৮তম মিনিটে সমতা ফেরায় রিয়াল। দীর্ঘ ইনজুরি কাটিয়ে ফেরা ব্রাজিলিয়ান ডিফেন্ডার এডার মিলিতাও কর্নার থেকে হেড করে গোল করে ম্যাচে ১-১ সমতা আনেন। কর্নারটি নেন ট্রেন্ট আলেকজান্ডার আরনল্ড। তবে ম্যাচের নাটকীয়তা তখনও বাকি ছিল। যোগ করা সময়ের এক দ্রুত পাল্টা আক্রমণে মায়োর্কা আবার এগিয়ে যায়। ভেদাত মুরিকি মাতেও জোসেফের ক্রস থেকে গোল করে ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করেন। গোলের পর আবেগাপ্লুত হয়ে পড়েন এই কসোভান ফরোয়ার্ড। এই জয়ের ফলে অবনমন অঞ্চল থেকে বেরিয়ে আসার লড়াইয়ে বড় সুবিধা পেল মায়োর্কা। ৩০ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে ১৭তম স্থানে তারা। অন্যদিকে, এই হারে শীর্ষে থাকা বার্সেলোনা থেকে আপাতত চার পয়েন্ট পিছিয়ে রইল রিয়াল মাদ্রিদ। এখন সবার নজর বার্সেলোনার ম্যাচের দিকে, যেখানে তাদের মুখোমুখি হওয়ার কথা অ্যাটলেটিকো মাদ্রিদের। ম্যাচ শেষে মায়োর্কার শিবিরে ছিল উচ্ছ্বাস, আর রিয়াল মাদ্রিদের জন্য এটি ছিল বড় ধাক্কা- বিশেষ করে শিরোপা দৌড়ে টিকে থাকতে হলে এমন হারের সুযোগ খুবই কম। আইএইচএস/এমকেআর

Go to News Site