Jagonews24
নিরবচ্ছিন্ন বিদ্যুৎ, বিদেশি ভ্রমণকারীদের জন্য ই-ভিসা সহজ, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু এবং ব্যবসা ও বিনিয়োগ-সংক্রান্ত সরকারি নীতি প্রণয়নে বেসরকারি খাতের অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন দেশের শীর্ষ ব্যবসায়ীরা। তারা বলছেন, নীতি প্রণয়ন ও বাস্তবায়নের প্রতিটি ধাপে বেসরকারি খাতের মতামত গুরুত্ব পেলে বিদ্যমান প্রতিবন্ধকতা দূর হবে এবং বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণে ইতিবাচক গতি আসবে। শনিবার (৪ এপ্রিল) প্রধানমন্ত্রীর কার্যালয়ে সরকারপ্রধান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে এসব বিষয় উঠে আসে। বৈঠকে দেশের শীর্ষস্থানীয় উদ্যোক্তারা ব্যবসা পরিবেশ, বিনিয়োগ প্রতিবন্ধকতা ও প্রয়োজনীয় সংস্কার নিয়ে মতামত দেন। বৈঠকে উপস্থিত ছিলেন এপেক্স ফুটওয়্যার এমডি সৈয়দ নাসিম মঞ্জুর। তিনি জাগো নিউজকে জানান, আলোচনায় নীতি সংস্কার, প্রক্রিয়া সহজীকরণ, সময়মতো বাস্তবায়ন এবং সুশাসন নিশ্চিত করার বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। পাশাপাশি প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি, নতুন খাত উন্মুক্ত করা, মানসম্পন্ন কর্মসংস্থান সৃষ্টি এবং মানবসম্পদ উন্নয়নের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়। বৈঠকে অংশগ্রহণকারী উদ্যোক্তাদের মধ্যে ছিলেন—এসিআই পিএলসির এমডি ড. আরিফ দৌলা, এপেক্স ফুটওয়্যার লিমিটেড এমডি সৈয়দ নাসিম মঞ্জুর, রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান, প্রাণ-আরএফএলের চেয়ারম্যান আহসান খান চৌধুরী, বে গ্রুপের এমডি জিয়াউর রহমান, ইনসেপ্টা গ্রুপ চেয়ারম্যান আবদুল মুকতাদির, ডিবিএল গ্রুপ এমডি আব্দুল জাব্বার, র্যাংগস গ্রুপের এমডি সোহানা রউফ চৌধুরী এবং প্যাসিফিক জিন্স গ্রুপের এমডি সৈয়দ মোহাম্মদ তানভীর। এছাড়া প্রধানমন্ত্রীর আমন্ত্রণে বৈঠকে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির, জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। বৈঠকে উপস্থিত ব্যবসায়ীরা সরকারের কাছে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করা, বিধিনিষেধ সহজ করা এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দনের তৃতীয় টার্মিনাল দ্রুত চালুর দাবি জানান। এছাড়া বিদেশি বিনিয়োগকারী ও ব্যবসায়িক অংশীদারদের জন্য ই-ভিসা চালুর আহ্বানও জানানো হয়। জানা গেছে, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) শুধু কর আদায়কারী সংস্থা হিসেবে নয়, বরং ব্যবসাবান্ধব প্রতিষ্ঠান হিসেবে কাজ করুক এবং করের আওতা সম্প্রসারণে জোর দিক এমন অভিমত তুলে ধরেন ব্যবসায়ীরা। এছাড়া বৈঠকে লজিস্টিক খরচ, বন্দর ব্যবস্থাপনা, উচ্চ সুদের হার, জমি ও ইউটিলিটি প্রাপ্তি, এবং ব্যবসা নিবন্ধন প্রক্রিয়ার জটিলতা নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়। একই সঙ্গে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ, দক্ষ জনশক্তি গড়ে তোলা এবং রপ্তানি বহুমুখীকরণের ওপর গুরুত্ব দেওয়া হয়। তবে বৈঠক ঘিরে তথ্য বিভ্রান্তিও তৈরি হয়েছে। গণমাধ্যমকর্মীদের তথ্য আদান সংক্রান্ত বিডার হোয়াটসঅ্যাপ গ্রুপে সন্ধ্যা ৭টা ১৮ মিনিটে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়। সেখানে বলা হয়, প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের প্রথম বেসরকারি খাত উপদেষ্টা পরিষদ (প্রাইভেট সেক্টর অ্যাডভাইজরি কাউন্সিল) গঠন করেছেন। এর মাধ্যমে দেশের ব্যবসায়ী প্রতিনিধিরা ব্যবসা পরিবেশ, বিনিয়োগ পরিবেশ এবং সংস্কার অগ্রাধিকার নিয়ে সরকারের সর্বোচ্চ পর্যায়ে সময়োপযোগী ও কাঠামোবদ্ধ মতামত দিতে পারবেন। তবে রাত ৮ টা ১১ মিনিটে আরেকটি বার্তায় বলা হয়, অনুগ্রহ করে আগের প্রেস রিলিজটি উপেক্ষা করুন এবং নিচের সংশোধনগুলো অনুসরণ করুন। নতুন বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রী বেসরকারি খাতের উদ্যোক্তাদের নিয়ে শীর্ষ স্থানীয় বৈঠক করেছেন। এর মাধ্যমে দেশের ব্যবসায়ী প্রতিনিধিরা ব্যবসা পরিবেশ, বিনিয়োগ পরিবেশ এবং সংস্কার অগ্রাধিকার নিয়ে সরকারের সর্বোচ্চ পর্যায়ে সময়োপযোগী ও কাঠামোবদ্ধ মতামত দিয়েছেন। গ্রুপে দুটি বার্তাই দেন বিডা জনসংযোগ কর্মকর্তা প্রশান্ত কুমার মন্ডল। অন্যদিকে, রাত ১০টা ৫৫ মিনিটে বিডার ফেসবুক পেজে জানানো হয়, প্রধানমন্ত্রী আজ বাংলাদেশের বেসরকারি খাতের শীর্ষস্থানীয় উদ্যোক্তাদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক আয়োজন করেন। এ আয়োজনের উদ্দেশ্য ছিল কয়েকজন ব্যবসায়িক নেতার অভিজ্ঞতা, পর্যবেক্ষণ ও সুপারিশ শোনা এবং বেসরকারি খাতনির্ভর প্রবৃদ্ধিকে এগিয়ে নেওয়ার জন্য প্রয়োজনীয় বিষয়গুলো চিহ্নিত করা। ‘তবে লক্ষ্য করা গেছে, এ বিষয়ে কিছু বিভ্রান্তিমূলক তথ্য সামাজিক মাধ্যমে প্রকাশিত হচ্ছে। স্পষ্ট করা যাচ্ছে যে, বৈঠকটি সরকার বা প্রধানমন্ত্রীর কোনো আনুষ্ঠানিক উপদেষ্টা পরিষদ নয়। এটি কোনো সাংগঠনিক বা আইনি ভিত্তির পরিপ্রেক্ষিতে করা হয়নি। ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে’—উল্লেখ করা হয় সেখানে। এসএম/এমকেআর
Go to News Site