Somoy TV
ইরান ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালি খুলে না দিলে নরক নেমে আসবে বলে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প যে হুঁশিয়ারি দিয়েছেন, তা সরাসরি প্রত্যাখ্যান করেছে তেহরান।ইরানের কেন্দ্রীয় সামরিক সদর দফতর খাতাম আল-আম্বিয়া এক বিবৃতিতে ট্রাম্পের হুমকি প্রত্যাখ্যান করে। বিবৃতিতে জেনারেল আলী আবদুল্লাহি আলীআবাদি বলেন, মার্কিন প্রেসিডেন্টের এই হুমকি একটি ‘অসহায়, দিশেহারা, ভারসাম্যহীন এবং বিবেচনাহীন কাজ।’ স্থানীয় সময় শনিবার (৪ এপ্রিল) হরমুজ প্রণালি খুলে দেয়ার জন্য ইরানের প্রতি ৪৮ ঘণ্টার আলটিমেটাম পুনর্ব্যক্ত করেন ট্রাম্প। তিনি বলেন, সোমবারের মধ্যে এটি করতে ব্যর্থ হলে ইরানে ‘নরক’ নেমে আসবে। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘মনে আছে, আমি ইরানকে একটি চুক্তিতে পৌঁছাতে অথবা হরমুজ প্রণালি খুলে দেয়ার জন্য ১০ দিনের সময় দিয়েছিলাম? সময় শেষ হয়ে আসছে। এখন হাতে আছে মাত্র ৪৮ ঘণ্টা, এরপরই তাদের ওপর নরক নেমে আসবে।’ আরও পড়ুন: ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ না খুললে ইরানে জাহান্নাম নেমে আসবে: ট্রাম্প তবে ট্রাম্পের এ হুমকির জবাবে আলীআবাদি সতর্ক করে বলেন, ‘এই বার্তার সহজ অর্থ হলো—আপনাদের জন্য দোজখের দরজাগুলো খুলে যাবে।’ এদিকে পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে ইরান ও ইসরাইল। স্থানীয় সময় শনিবার ইরানের অর্থনীতির বড় উৎস বিভিন্ন পেট্রোকেমিক্যাল কারখানায় হামলার দাবি করেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এতে বেশ কয়েকজন নিহত হন। ইরানের বুশেহের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রেও হামলা চালানো হয়। এর আগে ইরানের ইস্পাত উৎপাদন সক্ষমতার ৭০ শতাংশ ধ্বংস করার দাবি করেন তিনি। লেবাননের দক্ষিণাঞ্চলেও ইসরাইলি বিমান হামলা ও গোলাবর্ষণ হয়েছে। আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের পাইলটের একটি ছবিই পাল্টে দেবে যুদ্ধের হিসাব-নিকাশ! অব্যাহত হামলায় চুপ করে নেই ইরানও। তেল আবিবকে লক্ষ্য করে দফায় দফায় ক্ষেপণাস্ত্র ছুড়ছে তারা। পাশে দাঁড়িয়েছে বিভিন্ন মিত্র সংগঠন। একইদিন, ইসরাইলের সাফেদ শহর, মেরন এয়ার কন্ট্রোল বেস, মেতুলা ও গোলানি ব্রিগেডের সদর দফতরসহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানার কথা জানায় লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। যৌথভাবে ইসরাইলে হামলার কথা জানায় ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি।
Go to News Site