Jagonews24
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, বিশ্বে একটা যুদ্ধাবস্থা বিরাজ করছে, এটা আমাদের সবাইকে বুঝতে হবে। যুদ্ধ শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ নয়। সারাবিশ্বে ছড়িয়ে পড়েছে। যে কারণে বাংলাদেশের চারপাশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়েছে। পৃথিবীর মধ্যে একমাত্র বিএনপি সরকার যে জ্বালানি তেলের দাম বাড়ায়নি। শনিবার (৪ এপ্রিল) বিকেলে ফরিদপুরের সালথা উপজেলা ভূমি অফিস পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। শামা ওবায়েদ বলেন, কৃষিকাজে সবচেয়ে বেশি ডিজেল ব্যবহার হয়। তাই কৃষিখাতে তেলের সরবরাহ করার ক্ষেত্রে আমরা সচেষ্ট আছি। তবে কিছু অসাধু ব্যবসায়ী তেল মজুত করে বিক্রি করছে। অপরদিকে যারা দিনে একবার তেল নিতেন, এখন তারাই তেলের পাম্পে গিয়ে ৫ বার তেল নিচ্ছেন। কারণ তারা ভাবছেন তেলের সংকট চলছে। কিন্তু তেলের কোনো সংকট নেই। কৃষকসহ জনগণ যাতে বিপদের মুখে না পড়ে সেজন্য সরকার সচেষ্ট আছে। তবে আমাদেরও সাশ্রয়ী হতে হবে। যাতে ভবিষ্যতে তেল নিয়ে সমস্যায় পড়তে না হয়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আল্লাহর রহমতে জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পরে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে একটা দায়িত্ব দিয়েছেন। যে কারণে আমি ঘনঘন আমার নির্বাচনি এলাকায় আসছি। আজ আমি সালথা ও নগরকান্দায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি অফিস পরিদর্শন করেছি। আমাদের স্বাস্থ্যসেবা ও শিক্ষাপ্রতিষ্ঠানের খোঁজখবর নিয়েছি। বিশেষ করে কারিগারি শিক্ষা নিয়ে আমাদের সরকার কাজ করছে। এটা কীভাবে উন্নয়ন করা যায় সেজন্য আমি এসেছি। গত ১৭ বছর ফ্যাসিবাদের সময় স্বাস্থ্য সেবার মান নিয়ে কোনো কাজ হয়নি। সেটা আমি দেখতে এসেছি। এর আগে নগরকান্দা উপজেলা টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি), নগরকান্দা উপজেলা ভুমি অফিস, সালথা সরকারি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, সালথা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সালথা উপজেলা ভুমি অফিস ও সালথা বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পাটের গোডাউন পরিদর্শন করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। এসময় ফরিদপুরের সিভিল সার্জন মো. মাহমুদুল হাসান, সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দবির উদ্দীন, সহকারি পুলিশ সুপার মাহমুদুল হাসান, সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান, সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমান তালুকদার, সাবেক উপজেলা চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান, সাবেক উপজেলা ভাইস আসাদ মাতুব্বর প্রমুখ উপস্থিত ছিলেন। এন কে বি নয়ন/এমএন/এমএস
Go to News Site