Collector
হরমুজ প্রণালি দিয়ে চলাচল করতে পারবে ইরাকি জাহাজ: ইরান | Collector
হরমুজ প্রণালি দিয়ে চলাচল করতে পারবে ইরাকি জাহাজ: ইরান
Jagonews24

হরমুজ প্রণালি দিয়ে চলাচল করতে পারবে ইরাকি জাহাজ: ইরান

হরমুজ প্রণালি দিয়ে ইরাকি জাহাজগুলো চলাচল করতে পারবে বলে জানিয়েছে ইরান। তেহরান ঘোষণা দিয়েছে যে, ইরাকি জাহাজগুলো হরমুজ প্রণালী দিয়ে অবাধে চলাচল করতে পারবে। এই পদক্ষেপকে বৈশ্বিক জ্বালানি সরবরাহের এই গুরুত্বপূর্ণ জলপথের ওপর তেহরানের নিয়ন্ত্রণ শিথিল করার সর্বশেষ ইঙ্গিত বলেই মনে করা হচ্ছে। খবর আল জাজিরার। শনিবার এক বিবৃতিতে ইরানের খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তর জানিয়েছে, হরমুজ প্রণালিতে ইরাক সব ধরনের বিধিনিষেধ থেকে অব্যাহতি পাবে এবং নিয়ন্ত্রণ কেবল ‌‘শত্রু দেশগুলোর’ ওপরই প্রযোজ্য হবে। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজে প্রকাশিত এক বিবৃতিতে সামরিক কমান্ড বলেছে, আমরা ইরাকের জাতীয় সার্বভৌমত্বের প্রতি গভীর শ্রদ্ধাশীল। আপনারা এমন এক জাতি, যারা মার্কিন দখলদারিত্বের ক্ষতচিহ্ন বহন করছে এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আপনাদের সংগ্রাম প্রশংসা ও শ্রদ্ধার যোগ্য। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানকে একটি চুক্তিতে পৌঁছাতে অথবা জলপথের নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়ার দাবি পুনর্ব্যক্ত করার পর ইরানের এই ঘোষণা এসেছে। ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে সতর্ক করে বলেন, অন্যথায় ৪৮ ঘণ্টার মধ্যে ‘ভয়াবহ পরিস্থিতি’ নেমে আসবে। ইরানের খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তর ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান করেছে এবং তার হুমকিকে একটি ‘অসহায়, নড়বড়ে, ভারসাম্যহীন ও নির্বোধ পদক্ষেপ’ বলে অভিহিত করেছে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর থেকে দেশটি কার্যকরভাবে হরমুজ প্রণালি অবরোধ করে রেখেছে, যা দিয়ে সাধারণত বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ সরবরাহ করা হয়। জাহাজ ট্র্যাকিং ডেটা অনুসারে, তেহরানের চাপিয়ে দেওয়া কার্যত টোল বুথ ব্যবস্থার অধীনে সাম্প্রতিক সময়ে সামুদ্রিক যান চলাচল কিছুটা বাড়লেও, তা এখনও স্বাভাবিক মাত্রার চেয়ে ৯০ শতাংশেরও কম। লয়েডস লিস্ট ইন্টেলিজেন্সের তথ্য অনুযায়ী, গত সপ্তাহে এই প্রণালি দিয়ে ৫৩টি জাহাজ চলাচল করেছে, যা যুদ্ধ শুরুর পর সর্বোচ্চ। এর আগের সপ্তাহে এই সংখ্যা ছিল ৩৬। শুক্রবার একটি ফরাসি কন্টেইনার জাহাজ এবং একটি জাপানি মালিকানাধীন ট্যাঙ্কার হরমুজ প্রণালি অতিক্রম করেছে। সংঘাত শুরুর পর এই দুই দেশের মধ্যে এটাই ছিল প্রথম দৃশ্যমান জাহাজ চলাচলের ঘটনা। টিটিএন

Go to News Site