Collector
ময়মনসিংহ মেডিকেলে হামের লক্ষণ নিয়ে ভর্তি আরও ১৯ শিশু | Collector
ময়মনসিংহ মেডিকেলে হামের লক্ষণ নিয়ে ভর্তি আরও ১৯ শিশু
Jagonews24

ময়মনসিংহ মেডিকেলে হামের লক্ষণ নিয়ে ভর্তি আরও ১৯ শিশু

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে হামের লক্ষণ নিয়ে শিশু ভর্তি বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৯ শিশু হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়েছে। এ নিয়ে সেখানে চিকিৎসাধীন রয়েছে মোট ৬৩ শিশু। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গত ১৭ মার্চ থেকে রোববার (৫ এপ্রিল) সকাল ৯টা পর্যন্ত হামের লক্ষণ নিয়ে মোট ২২৪ শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ১৫৫ শিশু এবং ৬ শিশুর মৃত্যু হয়েছে। বর্তমানে চিকিৎসাধীন ৬৩ শিশু। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে আরও ২৪ শিশু। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম মেডিকেল দলের ফোকালপারসন সহযোগী অধ্যাপক মোহা. গোলাম মাওলা বলেন, সর্বনিম্ন ৩ মাস থেকে ১০ বছর বয়সী রোগী হাসপাতালে ভর্তি আছে। তবে হাসপাতালে ৬ মাস থেকে ১ বছর বয়সী শিশুর সংখ্যা বেশি। সব রোগীদের যথাযথ চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। এ বিষয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, মার্চের মাঝামাঝি থেকে হাম আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে থাকে। তিনটি মেডিকেল টিম গঠন করে হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। কামরুজ্জামান মিন্টু/এমএন/এমএস

Go to News Site