Jagonews24
কুমিল্লার সেন্ট্রাল মেডিকেল কলেজের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অর্পিতা নওশীনের অনাকাঙ্ক্ষিত ও অকালমৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে একটি উচ্চপর্যায়ের তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালককে (চিকিৎসা শিক্ষা) আহ্বায়ক ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালককে (শৃঙ্খলা) সদস্য সচিব এবং শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের অধ্যক্ষকে সদস্য করে গঠিত এ কমিটিতে আগামী সাত কার্য দিবসের মধ্যে তদন্ত সম্পন্ন করে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। ৪ এপ্রিল অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. মিজবাহ উদদীন আহমদ স্বাক্ষরিত এক দাপ্তরিক আদেশের মাধ্যমে এই কমিটি গঠিত হয়। শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যায় কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজ ক্যাম্পাসে হোস্টেলের কক্ষ থেকে অর্পিতা নওশীনকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে সহপাঠীরা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নওশীনের মৃত্যুর ঘটনাটি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর তা অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক হিসেবে বিবেচিত হয়। এ ঘটনার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক পরিবেশ, শিক্ষার্থীদের মূল্যায়ন প্রক্রিয়া এবং শিক্ষার্থী কল্যাণ সংক্রান্ত বিষয়গুলো পুনরায় পর্যালোচনার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে বলে অধিদপ্তরের আদেশে উল্লেখ করা হয়েছে। কমিটির দায়িত্ব ও কার্যপরিধি তদন্ত কমিটিকে সুনির্দিষ্ট কিছু বিষয়ে অনুসন্ধান ও সুপারিশ প্রদানের দায়িত্ব দেওয়া হয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হলো অর্পিতা নওশীনের অকাল মৃত্যুর প্রকৃত প্রেক্ষাপট অনুসন্ধান, সেন্ট্রাল মেডিকেল কলেজের একাডেমিক কার্যক্রম এবং পরীক্ষা ও মূল্যায়ন প্রক্রিয়া পর্যালোচনা,সংশ্লিষ্ট ব্যক্তিদের সাক্ষ্য গ্রহণ এবং শিক্ষার্থীর প্রতি কোনো ধরনের মানসিক চাপ, হয়রানি বা বৈষম্যমূলক আচরণ করা হয়েছিল কি না, তা নিরূপণ করা। এছাড়া সংশ্লিষ্ট শিক্ষক বা কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তা যাচাই করা এবং কলেজ কর্তৃপক্ষের ভূমিকা ও দায়-দায়িত্ব মূল্যায়ন করা। ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে প্রয়োজনীয় সুপারিশ প্রদান করা। এমএই/এসএনআর
Go to News Site