Somoy TV
ব্যক্তির আয় কমলে আগামী অর্থবছর থেকে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আগাম কর সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে রিফান্ড করবে। এছাড়া দেশের অর্থ বিদেশে যাওয়া ঠেকাতে বিদেশি প্রতিষ্ঠানগুলোর কর বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। প্রাক-বাজেট আলোচনায় তিনি জানান, স্বাস্থ্যের ক্ষতি বিবেচনায় তামাক, অ্যালকোহল ও মিষ্টি পানীয় পণ্যে কর কমানোর পরিকল্পনা নেই।পণ্য আমদানিতে এনবিআর বিভিন্ন পর্যায়ে অগ্রীম কর আদায় করে থাকে। পরবর্তী বছরের করের সঙ্গে যা সমন্বয় করা হয়, এতে ব্যবসায়ীদের বড় অংকের মূলধন দীর্ঘ সময় ধরে আটকে থাকে এবং ব্যবসার খরচ বেড়ে যায়। তবে আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রণয়ের আগে রোববার (৫ এপ্রিল) প্রাক-বাজেট আলোচনায় অগ্রীম কর রিফান্ডের কথা জানান এনবিআর চেয়ারম্যান। তিনি বলেন, যদি কোনো ব্যক্তির আয় অনুযায়ী কর বেশি কেটে নেয়া হয়, তা সরাসরি ব্যাংক হিসাবের মাধ্যমে ফেরত দেয়া হবে। আরও পড়ুন: আগামী অর্থবছর থেকে সারাবছর রিটার্নের সুবিধা দেবে এনবিআর: চেয়ারম্যান রোববারের আলোচনায় অংশ নেন এমচ্যাম, বিসিসিআইসহ ৬টি ব্যবসায়ী সংগঠন। আলোচনায় উঠে আসে সার চার্জ, টার্নওভার কর, ট্রেড লাইসেন্স ফি, কাস্টম জটিলতা, শুল্ক ও কর বিষয়ক নানা প্রস্তাবনা। এসময় এনবিআর চেয়ারম্যান বলেন, সরকারের পক্ষ থেকে রাজস্ব বাড়ানোর চাপ আছে। তবে আসন্ন বাজেটে ব্যবসাবান্ধব কর-কাঠামো রাখা হবে। দেশের অর্থ সুরক্ষায় বিদেশি প্রতিষ্ঠানের কর কমানো হবে না। জনস্বাস্থ্য বিবেচনায় তামাক, অ্যালকোহল ও মিষ্টি পানীয় পণ্যে কর কমানোর কোনো পরিকল্পনা নেই। এছাড়া বন্ডের মাধ্যমে আনা কাঁচামালের অবৈধ ব্যবহার ঠেকাতে বাজেটে কড়াকড়ি থাকবে বলেও জানান এনবিআর চেয়ারম্যান।
Go to News Site